রাজশাহী পলিটেকনিকে ‘টর্চার সেলের’ সন্ধান পেয়েছে তদন্ত কমিটি
রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে তুলে নিয়ে গিয়ে পুকুরের ফেলে দেওয়ার ঘটনা তদন্তে গঠিত কমিটি ক্যাম্পাসে একটি টর্চার সেলের সন্ধান পেয়েছে।
কারিগরী শিক্ষা অধিদপ্তর রোববার তিন সদস্যের এ কমিটি গঠন করে।
তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব ও পরিচালাক (পিআইডব্লিউ) এসএম ফেরদৌস আলমকে।
এছাড়া কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কারিকুলাম) মো. নূরুল ইসলামকে সদস্য এবং রাজশাহী মহিলা পলিকেনিটক ইনিস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওমর ফারুককে সদস্য সচিব করা হয়েছে।
ফেরদৌস আলম জানান, রোববার বিকালে তিনিসহ কমিটির সদস্যরা রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় অধ্যক্ষ, শিক্ষক ও ছাত্রদের সঙ্গে কথা বলেন এবং ঘটনাস্থলের সিসি টিভির ফুটেজ দেখেন।
তিন দিনের মধ্যে তদন্তের প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান তিনি।
এদিকে এ ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নগরীর চন্দ্রিমা থানার ওসি শেখ গোলাম মোস্তফা জানান। এরা হলেন- মেহেদী হাসান আশিক, মেহেদী হাসান হিরা ও নবিউল উৎস।
এ নিয়ে এ মামলায় আটজনকে গ্রেপ্তার করা হল।
তদন্ত কমিটি জানায়, ক্যাম্পাসের পুকুরের পশ্চিম পাশের একটি ভবনের ১১১৯ নম্বর কক্ষে টর্চার সেলের সন্ধান পাওযা গেছে। সেখানে লোহার রড, পাত ও পাইপ মিলেছে। সেগুলো উদ্ধার করে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।
শনিবার সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ফরিদ উদ্দিনকে পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় অভিযোগ ওঠে পলিটেকনিকর শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক কামাল হোসেন সৌরভসহ ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীর বিরুদ্ধে।
এ ঘটনায় রাতে চন্দ্রিমা থানায় ৫০ জনের বিরুদ্ধে মামলা করেন অধ্যক্ষ। সিসিটিভি ফুটেজ দেখে মামলায় আটজনের নাম উল্লেখ করা হয়।
এরা হলেন- প্রতিষ্ঠানটির কম্পিউটার বিভাগের অষ্টম পর্বের ছাত্র কামাল হোসেন সৌরভ, ইলেকট্রনিক্সের পঞ্চম পর্বের মুরাদ, পাওয়ারের সাবেক ছাত্র শান্ত, ইলেক্ট্র্যিালের সাবেক ছাত্র বনি, মেকাট্রনিক্সের সাবেক ছাত্র হাসিবুল ইসলাম শান্ত, ইলেকট্র মেডিকেলের সাবেক ছাত্র সালমান টনি, এই বিভাগের সপ্তম পর্বের ছাত্র হাসিবুল এবং কম্পিউটারের সাবেক ছাত্র মারুফ। বাকি আসামিরা অজ্ঞাত।
এর জের ধরে দুপুরে ছাত্রলীগ নেতা সৌরভের নেতৃত্বে একদল ছাত্রলীগ নেতাকর্মী অধ্যক্ষকে টেনেহিঁচড়ে নিয়ে চ্যাংদোলা করে ক্যাম্পাসের ভেতরে একটি পুকুরে নিক্ষেপ করে। অধ্যক্ষ তখন মসজিদ থেকে নামাজ পড়ে নিজের কার্যালয়ের দিকে যাচ্ছিলেন।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, অন্তত ১০ জন ‘তরুণ’ অধ্যক্ষকে দ্রুতগতিতে পুকুরের দিকে নিয়ে যাচ্ছে। কেউ অধ্যক্ষের হাত ধরে টানছিল আবার কেউ পেছন থেকে ধাক্কা দিচ্ছে। মুহূর্তের মধ্যেই অধ্যক্ষকে পুকুরে ফেলে দিয়ে তারা পালিয়ে যায় তারা। পরে ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা গিয়ে অধ্যক্ষকে পুকুর থেকে টেনে তোলেন।
টর্চার সেলের নিয়ে তদন্ত কমিটির আহ্বায়ক ফেরদৌস আলম বলেন, “ওই কক্ষটি জোর করে নিয়ে ছাত্রলীগের ছেলেরা ব্যবহার করত। সেখানে বসে তারা বিভিন্ন সময় আড্ডা বা মিটিং করত। তবে শুনেছি তারা ওই কক্ষটি টর্চার সেল হিসেবে ব্যবহার করত।
“তবে এ নিয়ে কেউ কোনদিন তার কাছে অভিযোগ দেয়নি। ছাত্রলীগের ছেলেদের বিরুদ্ধে শিক্ষক বা ছাত্র সবাই অভিযোগ দিতে ভয় পায়।”
এদিকে অধ্যক্ষ লাঞ্ছিত এবং পুকুরের পানিতে ফেলে দেওয়ার ঘটনায় নেতৃত্বদানকারী কামাল হোসেন সৌরভকে দল থেকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
গত শনিবার রাতেই রাজশাহী মহানগর ছাত্রলীগের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়। পরে রাতেই সুপারিশ পাঠানো হয়েছে কেন্দ্রীয় কমিটিতে। একইসঙ্গে সভায় পলিটেকনিকে ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে।
তিনজনকে গ্রেপ্তারের বিষয়ে নগরীর চন্দ্রিমা থানার ওসি শেখ গোলাম মোস্তফা বলেন, সিসিটিভির ফুটেজ দেখে রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে মামলার এজাহারের আসামিদের কাউকে এখনও গ্রেপ্তার করা যায়নি।
