আশুলিয়ায় শোয়ার ঘর থেকে দম্পতির লাশ উদ্ধার
ঢাকার সাভারের আশুলিয়ায় এক পোশাক শ্রমিক ও তার স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ বলছে, তারা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
আশুলিয়া থানার এসআই আব্দুস সালাম জানান, বুড়িরবাজার এলাকা থেকে শুক্রবার সকালে তারা লাশ দুটি উদ্ধার করেন।
নিহতরা হলেন পোশাক শ্রমিক পারভেজ মিয়া (২৬) ও তার স্ত্রী সাদিয়া আক্তার (২৩)।
এসআই বলেন, পারভেজ তার স্ত্রী ও মাকে নিয়ে স্থানীয় রাইফুর ইসলাম আকাশের বাড়িতে ভাড়া থাকতেন। সকালে পারভেজ ঘরের দরজা না খোলায় তার মা ডাকাডাকি শুরু করেন। এরপর অনেক সময় পর্যন্ত কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি বিষয়টি প্রতিবেশীদের জানালে তারা থানায় খবর দেয়।
এসআই বলেন, “পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
