বুয়েট ছাত্র ফাহাদ হত্যার প্রতিবাদে খুবিতে মানববন্ধন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার বিকালে ক্যাম্পাস এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। এতে বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা অবিলম্বে এ হত্যাকাণ্ডের বিচার ও ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
রোববার রাত ২টার দিকে বুয়েটের শেরেবাংলা হলেরে সিঁড়ি থেকে তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ উদ্ধার করে পুলিশ।
ওই হলের শিক্ষার্থীদের বরাত দিয়ে পুলিশ বলছে, আবরারকে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডেকে নিয়ে যায় কয়েকজন। পরে শিক্ষার্থীরা রাত ২টার দিকে হলের দ্বিতীয়তলার সিঁড়িতে তার লাশ পায়।
আবরারকে শিবির সন্দেহে ছাত্রলীগের কর্মীরা পিটিয়ে হত্যা করেছে বলে সহপাঠীদের বরাতে খবর প্রকাশ করেছে কয়েকটি সংবাদমাধ্যম। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য ছাত্রলীগ নেতাসহ নয়জনকে আটক করেছে।
