নারায়ণগঞ্জের রাস্তায় ‘মুখোশধারীদের’ কোপে নিহত ১
নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় একদল ‘মুখোশধারীর’ হামলা থেকে এক মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৬ জন।
শনিবার রাত ১১টার দিকে হাশেম নগর এলাকায় এ ঘটনা ঘটে বলে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান।
নিহত শাকিল (৩০) দেওভোগ পূর্বনগর এলাকার আমান উল্লাহর ছেলে।
আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন দেওভোগ এলাকার শাহবদ্দিন শাওন (৩৫), বাংলা বাজারের সুভাস (৪২) ও নবী হোসেনের ছেলে সজীব।
স্থানীয়রা জানান, ওই এলাকার কয়েকজন ‘সন্ত্রাসী’ মুখোশ পড়ে সড়কে দাঁড়িয়ে ছিল। এক ব্যক্তি মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় তার ওপর তারা হামলা চালায়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে গেলে তাদেরকেও তারা কোপানো শুরু করে।
ওই মোটর সাইকেলে থাকা সুভাস ঘটনার একই ধরনের বিবরণ দিয়েছেন। তবে কারা কেন হামলা চালিয়েছিল, সে বিষয়ে কিছু বলতে পারেননি।
আহত সুভাস বলেন, তিনি শহরের ২ নম্বর রেলগেইট এলাকা থেকে মোটর সাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথে দেওভোগ হাশেমনগর এলাকায় একদল ‘মুখোশধারী লোক’ তার পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, হামলায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি মামলা করা হবে।
