নোয়াখালীতে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ-গুলি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জীরতলী বাজার ইজারা নেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
বুধবার রাত ৯টার দিকে এ সংঘর্ষ বাঁধে বলে পুলিশ জানিয়েছে।
আহতদের মধ্যে জীরতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলওয়ার হোসেন বাদশা, স্থানীয় যুবলীগ নেতা মাসুদ চৌধুরী, হৃদয় ও আরাফতসহ ৫ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদেরকে বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
জীরতলী বাজারের ইজারা নিয়ে আওযামী লীগ দলীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মিলন এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলওয়ার হোসেন বাদশার সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।
বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ মোল্লা জানান, কয়েকদিন আগে বাদশার অনুসারী হিাসেবে পরিচিত স্থানীয় যুবলীগ নেতা মাসুদ চৌধুরী বাজারের ইজারা নেন। বুধবার রাতে মাসুদ ইজারার টাকা তুলতে গেলে চেয়ারম্যান বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
ওসি বলেন, “এক পর্যায়ে চেয়ারম্যান তার শটগান থেকে গুলি ছুড়লে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
রাতে অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান শেখের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযানে নামে। তবে কাউকে গ্রেপ্তারের খবর তখন পর্যন্ত পাওয়া যায়নি।
