ক্রাইস্টচার্চে নিহত সেলিমের বাড়িতে শোকের মাতম
নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় বাংলাদেশি মোজাম্মেল হক সেলিমের চাঁদপুরের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।
সেলিম চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের হুরমহিষা গ্রামের হাবিব উল্লাহ মিয়াজীর ছেলে। তার মায়ের নাম জামিলা খাতুন। দুই বোন তিন ভাইয়ের মধ্যে মোজাম্মেল ছিল সবার ছোট।
শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সেমি অটোমেটিক রাইফেল দিয়ে গুলি চালিয়ে ৫০ জনকে হত্যা করে বর্ণবাদী এক অস্ট্রেলিয় যুবক।
হামলার ঘটনার সময় একটি মসজিদে জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন নিউ জিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কয়েকজন সদস্য; অল্পের জন্য তারা প্রাণে বেঁচে যান।
ওই হামলায় মোট চারজন বাংলাদেশি নিহত হয়েছেন বলে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির কাছ থেকে তথ্য পাওয়া গেছে বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন।
সেলিমের বড় ভাই আব্দুল মালেক জানান, তার ভাই ঢাকা মার্কস মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে উচ্চ শিক্ষার জন্যে স্টুডেন্ট ভিসায় ২০১৫ সালে নিউজিল্যান্ডে পাড়ি জমান। সেখানে স্থানীয় একটি মেডিকেল কলেজে পড়াশুনার পাশাপাশি কাজ করতেন তিনি।
রোববার সেলিমের বাড়িতে গিয়ে তার মা জামিলা খাতুনকে ছেলে হারানোর শোখে বিলাপ করতে দেখা গেছে। ব্যাংক থেকে অনেক টাকা ধার-দেনা করে সেলিমকে বিদেশে পাঠানো হয়েছিল, তার মৃত্যুতে নেই দেনা পরিশোধের চিন্তায় কপালে ভাঁজ পড়েছে পরিবারটির।
জামিলা বলেন, “গত মঙ্গলবার ছেলে আমাকে ফোন দিয়ে আমার খোঁজ-খবর নেয়। আমাকে খাওয়া-দাওয়া ঠিকমত করতে বলে। কিন্তু শুক্রবারের পর থেকে তার সাথে আর কোন যোগাযোগ নেই। তার নাম্বারে ফোন করে তাকে আর পাচ্ছি না।”
কথাগুলো বলছিলেন আর বিলাপ করছিলেন তিনি। এ সময় তিনি আহাজারি করে তার ছেলেকে তার বুকে ফিরিয়ে দেওয়ার জন্য মিনতি করতে থাকেন।
মোজাম্মেলের বড় ভাই আব্দুল মালেক বলেন, “মসজিদে হামলার পর থেকে আমার ভাই নিখোঁজ ছিল। শনিবার রাতে কুমিল্লা চান্দিনা এলাকার নিউজিল্যান্ড প্রবাসী তার ভাইয়ের বন্ধু মজিবুর রহমান ফোন করে জানান, আমার ভাই আর বেঁচে নেই।”
ওই জায়গার একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ভাইয়ের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
মোজাম্মেলের আরেক ভাই সাহাদাত হোসেন বলেন, ২০১৫ সালে স্থানীয় অগ্রণী ব্যাংকের শাখা থেকে ২০ লাখ টাকা ঋণ করে ভাই মোজাম্মেলকে নিউজিল্যান্ডে পড়াশুনার জন্য পাঠানো হয়।
“কিছুদিন আগে তার পড়াশুনা শেষ হওয়ার পর সে সেখানে চাকরি নেয়। ভাই এখন মারা যাওয়ায় আমরা বিপদে পড়েছি। কিভাবে ব্যাংকের ঋণ পরিশোধ করবো, তা নিয়ে চিন্তিত।”
নিউজিল্যান্ডের ঘটনায় দোষী ব্যক্তির আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ব্যাংকের ঋণের বিষয় সরকারের সহযোগীতা কামনা করেন তিনি।
স্থানীয় এলাকাবাসী রাকিব হোসেন বলেন, “মোজাম্মেল আমাদের এলাকার বড় ভাই। ফেইসবুকের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করতাম। তিনি এলাকার লোকজনের খোঁজ-খবর নিতেন।”
ওই এলাকার আজহারুল ইসলাম মিয়াজী বলেন, “মোজাম্মেল খুব ভালো ছেলে ছিল। সে পরিবারের পাশাপাশি এলাকাবাসীরও খোঁজখবর নিত।”
নিউজিল্যান্ডের ন্যাক্কারজনক ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করেন তারা।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন মীর বলেন, “সেলিমের লাশ এলাকায় পৌঁছানোর অপেক্ষায় রয়েছি। আমরা চাই, নিজ এলাকায় তাকে নামাজ এবং দাফন করা হোক ।”
