২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৬ মার্চের মধ্যে মুক্তিযোদ্ধার পূর্ণাঙ্গ তালিকা হবে: মোজাম্মেল

এবারের স্বাধীনতা দিবসের আগে মুক্তিযোদ্ধার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2019, 10:00 PM

Updated : 08 Apr 2022, 03:45 PM

শনিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আঁধারমানিক আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, “আগামী ২৬ মার্চের মধ্যে মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।”

তিনি বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষপটে যারা মনে করে জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হয় নাই, তাদের পক্ষ থেকে নির্বাচনের দিন বা পরে এলাকাভিত্তিক বা কেন্দ্রভিত্তিক কোনো প্রতিবাদ হয়নি।

“প্রতিবাদ আমরা কেবলমাত্র টেলিভিশন টক শো এবং পত্রিকায় দেখি। কিন্তু ভোট কেন্দ্রে দেখি নাই।”

মন্ত্রী বলেন, তারা বলেছিলেন- নির্বাচনের দিন ভোর থেকে তারা ভোট কেন্দ্র পাহারা দেবেন। যেহেতু তাদের কোনো সমর্থক ছিল না, তাই তারা পাহারা দেওয়ার মতো লোক পায় নাই।

“এখন কাল্পনিক কিছু অভিযোগ নিয়ে তারা মাতামাতি করছে।”

তিনি ঐক্যফ্রন্টকে ফলাফল মেনে নিয়ে গঠনমূলক বিরোধিতার মাধ্যমে দল পুনর্গঠনের আহ্বান জানান। 

মন্ত্রী বলেন, উপজেলা নির্বাচনে আসা না আসা বিএনপির ব্যাপার। মানুষ প্রত্যাশা করে যে সব রাজনৈতি দল অংশগ্রহণ করুক। যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তারা হারিয়ে যাবে। পরে বাটি চালান দিয়েও তাদের খুজে পাওয়া যাবে না।

“উপজেলা নির্বাচনে যদি কেউ না আসে, তাহলে নির্বাচন বন্ধ থাকবেও না। আবার নির্বাচনে কারও অংশগ্রহণও বন্ধ থাকবে না। নির্বাচনের সময় দেখা যাবে কীভাবে তা অংশগ্রহণ মূলক ও প্রতিযোগিতামূলক হয়।”

নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে আগাম সতর্ক করে মন্ত্রী বলেন, আওয়ামী লীগের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য কেন্দ্রীয় কমিটি কঠোর ব্যবস্থা নিবে। সে ব্যাপারে সুস্পষ্ট নিদের্শনা কেন্দ্র থেকে আসবে, যার কারণে দলের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ার কোনো সুযোগ নেই।   

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল্লাহ মডেল পাকলিক স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সরকার আব্দুল আলীম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদারসহ শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনের লোকজন।