২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে গৃহবধূ হত্যায় ছেলের বউয়ের জবানবন্দি

রাজশাহীর তানোরে গৃহবধূ জোহরা বেগমকে নিজ ঘরে গলাকেটে হত্যার দায় স্বীকার করে তার পুত্রবধূ আদালতে জবানবন্দি দিয়েছেন।  

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2018, 03:32 PM

Updated : 19 Aug 2022, 02:42 PM

সোমবার দুপুরে সোনিয়া আক্তার রুমি (২২) রাজশাহীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে জবানবন্দি দেন বলে এক সংবাদ সম্মেলনে জেলার পুলিশ সুপার মো.শহিদুল্লাহ জানান। 

তিনি বলেন, “রুমিকে আদালতে হাজির করা হলে হত্যার দায় স্বীকার করে বিচারকের কাছে তিনি জবানবন্দি দেন। পারিবারিক কলহের জেরে শ্বাশুড়িকে হত্যার কথা তিনি স্বীকার করেছেন।”

গত ৩ অক্টোবর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কচুয়া জিতপুর গ্রামের নিজের ঘরে জোহরা বেগমকে গলাকেটে হত্যা করা হয়। এ ঘটনায় রুমিকে আহত হলে তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রুমির স্বীকারোক্তির বরাতে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, ঘটনার দিন জোহরার সঙ্গে রুমির ঝগড়া হয়। এক পর্যায়ে রুমিকে মারধর করতে জোহরা বাড়ির আঙ্গিনায় দিকে এগিয়ে যান। এ সময় রুমি তার শ্বাশুড়িকে বাঁশ দিয়ে আঘাত করেন। জোহরা মাটিতে পড়ে গেলে তাকে টেনে হিচড়ে ঘরে নিয়ে যায় রুমি।

এ ঘটনা স্বামীকে বলে দেওয়ার ভয়ে রুমি চাপাতি দিয়ে জোহরাকে গলাকেটে হত্যা করেন। এ সময় তাড়াহুড়া করতে গিয়ে রুমির হাতের আঙ্গল কেটে যায়। এরপরে রুমি ঘরের বাইরে গিয়ে চিৎকার করে জ্ঞান হারিয়ে পড়ে যায়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, প্রায় ২০ বছর আগে জোহরার সঙ্গে তার স্বামী হেলালের ছাড়াছাড়ি হয়। এরপর থেকে জোহরা ছেলে জাহাঙ্গীরকে নিয়ে ওই বাড়িতে থাকতেন।

জাহাঙ্গীর চাঁপাইনবাবগঞ্জ শাখায় পূবালী ব্যাংকের নৈশপ্রহরীর চাকরির সুবাদে সেখানেই থাকেন। আর জাহাঙ্গীরের স্ত্রী রুমি ও তার তিন বছর বয়সের মেয়ে জুই জোহারার সঙ্গে ওই বাড়িতে থাকতো।

পুলিশ সুপার শহিদুল্লাহ বলেন, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে রুমিকে রোববার হাসপাতাল থেকে তার কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রায় চার ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে রুমি তার শ্বাশড়িকে হত্যার কথা স্বীকার করেন।