২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে তরুণীকে ‘ধর্ষণের পর’ হত্যা

গাজীপুরের টঙ্গীতে এক তরুণীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ করেছেন স্বজনরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2018, 09:03 PM

Updated : 08 Apr 2022, 06:58 PM

টঙ্গী থানার এসআই রমজান আলী বলেন, শিলমুন এলাকায় শুক্রবার বিকালে বড় বোনের ভাড়া বাড়ি থেকে নিখোঁজ হন ওই তরুণী।

শনিবার স্থানীয় একটি হাসপাতালে তার লাশ পাওয়া যায়।

নিহত সীমা আক্তার (১৭) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামের ফরিদ মিয়ার মেয়ে।

মরদেহের সুরতহাল রিপোর্টে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

সীমার বড় বোন তাহমিনা বেগম জানান, গত ৩০ অগাস্ট সীমা তার টঙ্গীর শিলমুন এলাকার ভাড়া বাড়িতে বেড়াতে আসেন।

তাহমিনা বলেন, তাদের মামা খলিল মিয়া একই এলাকায় সপরিবারে বসবাস করেন। মামাত ভাই সজল মিয়া ও সজীব মিয়া দুইজনেই সীমা আক্তারকে পছন্দ করতেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। কয়েকদিন আগে সীমাকে তারা ভয়ও দেখান।

সীমার স্বজনের বরাত দিয়ে এসআই রমজান বলেন, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে সীমা বাড়ির ছাদে কাপড় আনতে যাওয়া কথা বলে বের হয়ে আর ফিরে আসেনি।

“রাতে সজল তাদের বাড়িতে ফোন করে জানান সীমা অসুস্থ অবস্থায় টঙ্গী আবেদা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি আছেন। শনিবার সকালে পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে সীমার লাশ পান।”

পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের বোন তাহমিনা বেগম বলেন, “সজল পূর্ব শত্রুতার জেরে আমার বোনকে ধর্ষণের পর হত্যা করে হাসপাতালে রেখে কৌশলে পালিয়ে গেছে।”

এ ব্যাপারে শনিবার সকালে তাহমিনা বাদী হয়ে তার দুই মামাত ভাই সজল ও সজীবসহ চারজনের নাম উল্লেখ করে টঙ্গী থানায় হত্যা মামলা দায়ের করেছেন।