২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গ্যাসলাইনে আগুন

গাজীপুর সিটি করপোরেশনের আউটপাড়া এলাকায় তিতাস গ্যাসের সরবরাহ লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2018, 12:41 AM

Updated : 19 Aug 2022, 02:34 PM

স্থানীয় একটি চায়ের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. জাকারিয়া জানান, শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে সিটি মেডিকেল কলেজ হাসপাতালের পাশে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

আগুনে মতিউর রহমান নামে ওই হাসপাতালের একজন নিরাপত্তাকর্মী দগ্ধ হয়েছেন বলে হাসপাতালের ফ্রন্ট ডেস্ক কর্মী মো. ওমর ফারুক সুমন জানিয়েছেন।

সুমন বলেন, “আগুনে আমাদের নিরাপত্তাকর্মী মতিউর রহমানের মুখ ও হাত দগ্ধ হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

এছাড়া আগুনে তাদের একটি অ্যাম্বুলেন্স পুড়ে গেছে বলে তিনি জানান।

ফায়ার সার্ভিস কর্মকর্তা জাকারিয়া বলেন, ২০-২৫ ফুট এলাকাজুড়ে আগুন জ্বলছিল। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয় তিতাসকর্মীরা গ্যাসলাইন বন্ধ করে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

“আগুনে ঘটনাস্থলের পাশে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্স ও চায়ের দোকান পুড়ে গেছে। চায়ের দোকানের আগুন থেকে তিতাসের লাইনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”