সিলেটে যাত্রা শুরু করল পুলিশের সিআরটি
চট্টগ্রাম ও রাজশাহীর পর সিলেটে যাত্রা শুরু করেছে পুলিশের বিশেষায়িত দল ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি)।
বুধবার সিলেট পুশিল লাইন্সে অনুষ্ঠানিক মহড়ার মাধ্যমে এই যাত্রা শুরু হয়।
মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ বলেন, জঙ্গি দমন ও মাদক চোরাচালান প্রতিরোধসহ বড় ধরনের সহিংস পরিস্থিতি মোকাবেলায় কাজ করবে এই দল।
সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সদর) শাহরিয়ার আল-মামুন সিলেট সিআরটির নেতৃত্ব দিচ্ছেন। টিম লিডার হিসেবে রয়েছেন সহকারী পুলিশ কমিশনার আহমেদ পিয়ার ও মুনাদির ইসলাম চৌধুরী।
এছাড়া আছেন দুইজন পরিদর্শক, ছয়জন উপ-পরিদর্শক, দুইজন সহকারী উপ-পরিদর্শক, দুইজন নায়েক ও নয়জন কনস্টেবল।
সোয়াতের আদলে এ দল গড়ে তোলা হয়েছে বলে জানান কমিশনার পরিতোষ ঘোষ।
তিনি বলেন, “এই দলের কাজ হল জঙ্গি, মাদক, সন্ত্রাস ও চোরাচালান প্রতিরোধ করা। মোস্ট ওয়ান্টেড আসামি গ্রেপ্তারেও এই দল কাজ করবে।”
