২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী বিএনপির কার্যালয়ে ছাত্রদলের ভাংচুর

নতুন কমিটি ঘোষণার পর রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ে ভাংচুর চালিয়েছেন ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2018, 08:28 PM

Updated : 11 Oct 2022, 12:35 PM

সোমবার দুপুরে নগর বিএনপির কার্যালয়ে এ ভাংচুরের সময় নতুন কমিটির কয়েকজনকে মারধরও করা হয়।

এর আগে রোববার দুপুরে ওই কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন ছাত্রদলের পদবঞ্চিতরা। পরে নতুন কমিটির সদস্যরা গিয়ে তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করে পরিচিতি সভা করেন।

শনিবার রাতে মহানগরের ছয়টি থানা ও তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন কমিটি ঘোষণা করা হয়।

রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের নতুন সাধারণ সম্পাদক এমদাদুল হক লিমন বলেন, “পরিচিতি সভা করার জন্য বেলা ১১টা থেকে আমরা দলীয় কার্যালয়ে অবস্থান করছিলাম। এ সময় ছাত্রদলের কিছু নেতাকর্মী এসে আমাদের উপর হামলা চালায়।

“এ সময় তারা দলীয় কার্যালয়ের চেয়ার-টেবিল ও জানালা ভাংচুর করে।”

বাধা দিতে গেলে রাজপাড়া থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাতুল, চন্দ্রিমা থানার সভাপতি হাফিজুর রহমান এবং শাহমখদুম থানার সাধারণ সম্পাদক আবুল বাসারকে পিটিয়ে জখম করা হয় বলে অভিযোগ করেন তিনি।

তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান ছাত্রদলের এ নেতা।

এদিকে বিএনপির কার্যালয় ভাংচুরের পর রাজশাহী নগর ছাত্রদলের নতুন নয়টি ইউনিট কমিটি স্থগিত করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় নগর ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি জানান, শনিবার নগর ছাত্রদলের অধীনস্থ তিনটি শিক্ষা প্রতিষ্ঠান ও ছয়টি থানা ইউনিট কমিটি অনুমোদন দেওয়া হয়েছিল। এ নিয়ে কিছু বিছিন্ন ঘটনা ঘটে।

“এরই প্রেক্ষিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক কমিটিগুলো সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।”

পদবঞ্চিতদের পক্ষের নগর ছাত্রদলের সহ-সভাপতি আরিফুজ্জামান বলেন, পদবঞ্চিত নেতাকর্মী পার্টি অফিসে গেলে তাদের প্রবেশে বাধা দেওয়া হয়। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে মারামারি হয়। পরে তারা ভাংচুর করে।

অযোগ্যদের কমিটিতে স্থান দেওয়ার কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে দাবি করেন তিনি।

এ ব্যাপারে বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ বলেন, নতুন কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপির কার্যালয়ে এ হামলা হয়েছে। খবর পেয়ে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়।

এ নিয়ে থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।