২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে বাস চাপায় নারীর মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ‘তুরাগ পরিবহনের’ একটি বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2018, 05:49 PM

Updated : 19 Aug 2022, 02:30 PM

বৃহস্পতিবার টঙ্গীর চেরেগ আলী মার্কেট এলাকায় তিনি দুর্ঘটনায় পড়েন। দুপুরে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত বীথি আক্তার পিন্নী (২৫) শরীয়তপুরের টুটুল মিয়ার স্ত্রী। তারা টঙ্গী কলেজ গেইট এলাকায় বসবাস করতেন।

টঙ্গী থানার এসআই চন্দন দে জানান, সকাল সাড়ে ১০টার দিকে দুই সন্তান নিয়ে বীথি টঙ্গীর চেরেগ আলী মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী ‘তুরাগ পরিবহনের’ যাত্রীবাহী একটি বাসে চাপা পড়েন।

“গুরুতর অবস্থায় তাকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।”

তবে তার সঙ্গে থাকা অন্যরা কেউ আহত হয়নি বলে এসআই চন্দন জানান।

লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।