চারঘাটে পেট্রোল বোমাসহ ৩ জামায়াত নেতাকর্মী গ্রেপ্তার
রাজশাহীর চারঘাট উপজেলায় নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে একটি পেট্রোল বোমা ও একটি হাতবোমাসহ বেশকিছু বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার সন্ধ্যায় বরবরিয়া গ্রামে এই অভিযান চালানো হয়। শনিবার দুপুরে তাদের আদালতের মধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন চারঘাট হলিদাগাছি জামায়াতের সাবেক উপ-আমির আবদুর রশিদ (৬৩), ষলুয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি দুরুল হূদা (৪৫) ও ছাত্রশিবিরকর্মী আহসানুল বান্না (২০)।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুর রাজ্জাক খান বলেন, শুক্রবার সন্ধ্যায় তারা বরবরিয়া গ্রামে শিবিরকর্মী আহসানুল বান্নার বাড়িতে একত্রিত হয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন। গোপনে সংবাদ পেয়ে চারঘাট থানা পুলিশ ওই বাড়িতে অভিযান পরিচালনা করে।
“পরে পেট্রোল বোমা ও হাতবোমাসহ তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় ওই বাড়িতে তল্লাশি করে বোমা তৈরির বেশকিছু বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়।”
গ্রেপ্তারদের বিরুদ্ধে থানায় সন্ত্রসবিরোধী ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
