২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি প্রকল্পে ঘর পেল কাপাসিয়ার গৃহহীনরা

যাদের জমি আছে কিন্তু ঘর নেই, তাদের জন্য সরকারি খরচে ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে।

আবুল হোসেন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2018, 11:21 PM

Updated : 11 Oct 2022, 12:27 PM

সরকারের দ্বিতীয় আশ্রয়ণ প্রকল্পের আওতায় গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ইতোমধ্যে বেশকিছু ঘর নির্মাণ সম্পন্ন হয়েছে।

আশ্রয়ন প্রকল্প-২ এর অধীন এ কর্মসূচির নাম হলো- যার জমি আছে, ঘর নেই, তার নিজের জমিতে গৃহ নির্মাণ’।

দেশব্যাপী চলা এ প্রকল্পে তৈরি চৌচালা ঘরগুলো হবে এক কক্ষের। পাকা মেঝের এ ঘরের বেড়া হবে টিনের। বাড়িতে একটি উন্নত টয়লেটও নির্মাণ করা হবে এ প্রকল্পের আওতায়।

ঘর পেয়েছেন এমন একজন হলেন বিধবা আমেনা বেগম।

কাপাসিয়া উপজেলার ফেটালিয়া গ্রামের বাসিন্দা আমেনা জানান, নয় বছর আগে তিনি স্বামী সামশুদ্দিনকে হারান। স্বামীর মৃত্যুর পর পাতার ছাউনী আর বেড়ার তৈরি একমাত্র ছোট একটি ঘরে চার মেয়েকে নিয়ে ছিল আমেনার বসবাস।

তাদের দিন কাটত নিরপত্তাহীনতা আর আতঙ্কে। রাতে কুকুর, বেড়াল, শিয়াল, সাপ ঢুকে পড়ত ঘরে। তাই পালা করে তারা রাত জেগে ঘর পাহারা দিতেন বলে জানান আমেনা।

“এলাকাবাসীর সহযোগিতায় কয়েক বছরের মধ্যে চার মেয়েরই বিয়ে হয়ে যায়। কোনো ছেলে নেই।”

স্থানীয় তারাগঞ্জ এলাকার ব্যবসায়ী ওসমান গনি জানান, স্বামীর মৃত্যুর পর থেকে এ বাড়ি ও বাড়ি ঝিয়ের কাজ করে খাবার জুটলেও অন্য চাহিদাগুলো মেটানো যেত না।

“এখন তার বয়স প্রায় ৭৫ বছর হলেও জাতীয় পরিচয়পত্রে ভুলে তার বয়স কম ওঠায় তিনি বয়স্ক ভাতাও পান না। বিধবা ভাতাও পান না। মানুষের বাড়িতে কাজ করার তেমন শক্তিও তার এখন নেই।”

কিছুদিন আগে আমেনাসহ অনেকের নাম তালিকাভুক্ত হয়।  

ওসমান জানান, এর কিছুদিন পরই সরকারি লোকজন কাঠ, ইট, টিন, সিমেন্টসহ নানা গৃহ নির্মাণ সামগ্রী ও মিস্ত্রি তাদের বাড়ি পৌঁছে যায়। দ্রুত তৈরি হয়ে গেল তার এক কামরার ঘর ও একটি উন্নত শৌচাগার। এজন্য তার একটি টাকাও খরচ হয়নি। শুধু দিতে হয়েছে জমির দলিল আর জাতীয় পরিচয়পত্র ও ছবি।

সাংবাদিকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আমেনা ঘরের সঙ্গে বিশুদ্ধ পানির জন্য একটি টিউবওয়েল স্থাপনের অনুরোধ জানিয়েছেন।

কথা বলতে গিয়ে আবেগ জড়িত কণ্ঠে আমেনা বলেন, “এই ঘর পেয়ে আমি যে সুখ পাইছি শেখের বেটিরে যেন আল্লাহ তারচেয়েও বেশি সুখ-শান্তি দেন। সারাজীবন যেন সব দুঃখীদের পাশে থাইকা শান্তিতে দেশ চালাইতে পারেন।”

Image
একঢালা গ্রামের ঝালমুড়ি বিক্রেতা আব্দুল আজিজ

একঢালা গ্রামের ঝালমুড়ি বিক্রেতা আব্দুল আজিজ

এমন আরও ঘর পেয়েছেন কাপাসিয়ার একঢালা গ্রামের ঝালমুড়ি বিক্রেতা আব্দুল আজিজ, ঘিঘাট গ্রামের বিধবা পারভীন (৩৫), বিধবা হালিমা খাতুন (৪০), আব্দুল রশিদসহ (৫৩) অনেকে।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকছুদুল ইসলাম জানান, তার উপজেলায় ২০১৬-২০১৭ অর্থ বছরে ওই প্রকল্পে ২৪টি টিনের ঘর ও টয়লেট নির্মাণ কাজ শেষ হয়েছে।

“২০১৭-১৮ অর্থ বছরে এ উপজেলায় এ প্রকল্পের আওতায় একই ধরনের ৩৭২টি টিনের ঘর ও টয়লেট নির্মাণ কাজ চলমান রয়েছে।” 

কাপাসিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাকি বিল্লাহ জানান, প্রতিটি ঘরের দৈর্ঘ্য সাড়ে ১৬ ফুট, প্রস্থ সাড়ে ১০ ফুট, বারান্দার প্রস্থ সাড়ে ৫ ফুট। প্রতিটি ঘর পাকা ভিটি, চৌচালা টিনের ঘর ও টয়লেটের জন্য নির্মাণ খরচ ধরা হয়েছে এক লাখ টাকা।

গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেবেকা সুলতানা জানান, তিনি ২০১৭-১৮ অর্থ বছরে তার উপজেলায় এ ধরনের দেড়শর মতো ঘর-টয়লেট নির্মাণের প্রকল্প পেয়েছেন।

“তবে বর্তমানে নির্মাণ সামগ্রীর মূল্য বেড়ে যাওয়ায় একলাখ টাকায় ঘর-টয়লেট নির্মাণ কাজ কষ্ট সাধ্য হচ্ছে।”

এধরনের প্রকল্প গাজীপুরের বিভিন্ন উপজেলায় চলমান রয়েছে বলে তিনি জানান।

প্রকল্প পরিচালক আবুল কালাম সামশুদ্দিন জানান, সারা দেশে এ ধরনের প্রকল্প চলছে। এ প্রকল্প ২০১৯ সালের জুন পর্যন্ত চলবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী গৃহহীন সকলকে ঘর দেবেন মর্মে যে প্রতিশ্রুতি দিয়েছেন সে মোতাবেক আশ্রয়ন প্রকল্প থেকে কার্যক্রম চলছে। এ আশ্রয়ন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়ের) আওতায় সারা দেশে এক লাখ ঘর-টয়লেট নির্মাণ করা হবে।