রাজশাহী সিটি নির্বাচন: মনোনয়নপত্র জমা দিলেন বুলবুল
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে উৎসবমুখর পরিবেশে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি তার মনোনয়নপত্র জমা দেন।
পরে তিনি সাংবাদিকদের বলেন, “আমার আমলের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আবারও নগরবাসী আমাকে নির্বাচিত করবে।”
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর হক মিলন, নগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল আলম বুলবুলের সঙ্গে ছিলেন।
বুলবুলের পর জাতীয় পার্টির মেয়র প্রার্থী ওয়াশিউর রহমান দোলন তার মনোনয়নপত্র জমা দেন।
একই দিন তাদের আগে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনও একই কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
তফসিল অনুসারে বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন। আগামী ১ ও ২ জুলাই মনোনয়নপত্র যাচাই-বাছাই আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ জুলাই।
আগামী ৩০ জুলাই সিটি করপোরেশনটিতে ভোটগ্রহণের কথা রয়েছে।
নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আতিয়ার রহমান বলেন, এ নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ছয়জন। তাদের মধ্যে পাঁচজন দলীয় ও একজন স্বতন্ত্র প্রার্থী।
তারা হলেন আওয়ামী লীগের এএইচএম খায়রুজ্জামান লিটন, বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুল, জাতীয় পার্টির ওয়াশিউর রহমান দোলন, বাংলাদেশ জাতীয় পার্টির হাবিবুর রহমান, ইসলামী আন্দোলনের সফিকুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মুরাদ মোর্শেদ।
আর ৩০টি সাধারণ কাউন্সিলর পদে ১৭০ এবং ১০টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৫২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানান এই নির্বাচন কর্মকর্তা।
