২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী সিটি নির্বাচন: মনোনয়নপত্র জমা দিলেন লিটন

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2018, 02:07 PM

Updated : 11 Oct 2022, 12:27 PM

পুরনো খবর:

রাজশাহী সিটি নির্বাচন: মনোনয়নপত্র জমা দিলেন বুলবুল

বৃহস্পতিবার দুপুরে উৎসবমুখর পরিবেশে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে ১৪ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এই মনোনয়নপত্র জমা দেন।

লিটন সাংবাদিকদের বলেন, “গত পাঁচ বছরে কোনো উন্নয়ন না হওয়ায় নগরবাসী এখন পরিবর্তন চাইছে। এর আগে আমার সময়ের উন্নয়নের কথা মাথায় রেখে নগরবাসী আরেকবার আমাকে নগরপিতা হিসেবে বেছে নেবেন বলে আমি আশা করি।”

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে লিটন তার বাবা শহীদ এএইচএম কামারুজ্জামানের কবর ও শাহমুখদুমের মাজার জিয়ারত করেন।

নগর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান বাদশা, মাহফুজুর রহমান লোটন, নওশের আলী, নগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, নগর জাসদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ শিবলী লিটনের সঙ্গে ছিলেন।

তফসিল অনুসারে বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন। আগামী ১ ও ২ জুলাই মনোনয়নপত্র যাচাই-বাছাই আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ জুলাই।

আগামী ৩০ জুলাই সিটি করপোরেশনটিতে ভোটগ্রহণের কথা রয়েছে।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আতিয়ার রহমান বলেন, এ নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ছয়জন।  তাদের মধ্যে পাঁচজন দলীয় ও একজন স্বতন্ত্র প্রার্থী।

তারা হলেন আওয়ামী লীগের এএইচএম খায়রুজ্জামান লিটন, বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুল, জাতীয় পার্টির ওয়াশিউর রহমান দোলন, বাংলাদেশ জাতীয় পার্টির হাবিবুর রহমান, ইসলামী আন্দোলনের সফিকুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মুরাদ মোর্শেদ।

আর ৩০টি সাধারণ কাউন্সিলর পদে ১৭০ এবং ১০টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৫২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানান এই নির্বাচন কর্মকর্তা।