ঢালাইয়ে পাথরের বদলে সুরকি, শরীয়তপুরে গ্রেপ্তার ১
শরীয়তপুরে একটি সরকারি অফিস ভবনের ফাউন্ডেশন ঢালাইয়ে পাথরের পরিবর্তে ইটের সুরকি ব্যবহারের অভিযোগে ঠিকাদারসহ তিনজনের বিরুদ্ধে মামলা হওয়ার পর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর উপজেলায় আংগারিয়া ভূমি অফিসের কাজে এ অনিয়মের অভিযোগে শরিয়তপুর সদর উপজেলার প্রকৌশল বিভাগের (এলজিইডি) এক কর্মকর্তা পালং মডেল থানায় এ মামলা দায়ের করন।
মামলা হওয়ার পর গত রোববার একজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হলেও বাকিরা পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার বিবরণে বলা হয়, শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়ন ভূমি অফিস ভবন নির্মাণের জন্য দরপত্রের মাধ্যমে ‘মেসার্স লিটন ট্রেডার্সকে’ কাজ দেওয়া হয়। ওই ঠিকাদার প্রতিষ্ঠান এ নির্মাণ কাজের দায়িত্ব দেয় শরীয়তপুর পৌরসভার কাশাভোগ এলাকার আবু আলেম ও আব্দুল মান্নানকে।
ঈদের ছুটির ফাঁকে ঠিকাদার মিজারনুর রহমান ওেই কাদের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী শাহাবুদ্দিন খান ও সদর উপজেলার প্রকৌশলী এ এফ এম তৈয়বুর রহমানকে কিছু না জানিয়ে গোপনে পাথরের পরিবর্তে ইটের সুরকি দিয়ে গ্রেড বিম ঢালাই দেন।
ঈদের ছুটির পর ‘শিডিউল বর্হিভূত’ কাজ করার খবর পেয়ে এলজিইডির নির্বাহী প্রকৌশলী একেএম বাদশা মিয়া রোববার উপজেলায় ভূমি অফিসে গিয়ে ঘটনার তদন্ত করেন। পরে অভিযোগের সত্যতা পাওয়া পেলে ওই বিম ভেঙে দেওয়া হয়।
এ ব্যাপারে জানতে চাইলে উপ-সহকারী প্রকৌশলী সাহাব উদ্দিন বলেন, “ঈদের ছুঁটির ফাকে আমাদের না জানিয়ে পাথরের পরিবর্তে ইটের খোয়া দিয়ে ঢালাই দেওয়ায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
উপজেলা প্রকৌশলী এ এফ এম তৈয়বুর রহমান বলেন, “ঠিকাদার ঈদের ছুটির মধ্যে আমাদের কাউকে না জানিয়ে পাথরের পরিবর্তে ইটের সুরকি ব্যবহার করে বিম ঢালাই দেয়। খবর পেয়ে নির্বাহী প্রকৌশলী ও আমি গিয়ে ঢালাই ভেঙ্গে দিয়েছি।”
নির্বাহী প্রকৌশলী একেএম বাদশা মিয়া বলেন, “অনিয়মের খবর পেয়ে সরেজমিন তদন্ত করে ঠিকাদার ও তার প্রতিনিধিদের বিরুদ্ধে মামলা করা হয়। এ অনিয়মের জন্য ঠিকাদারের প্রতিনিধিকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
পালং মডেল থানার ওসি মো.মনিরুজ্জামান বলেন, সরকারি কাজে অনিয়মের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে; বাকিরা পলাতক রয়েছে।
