কুষ্টিয়ায় অপহৃত শিশু দেব দত্তের বস্তাবন্দি লাশ উদ্ধার
কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র দেব দত্তের বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলার চিথলিয়া গ্রামের মালিথা পাড়ার বাসিন্দা জহুরুলের বাড়ির পরিত্যক্ত সেপটিক ট্যাংকের তলদেশ থেকে এই লাশ উদ্ধার করা হয় বলে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ জানান।
নিহত দেব দত্ত (৯) ওই গ্রামের পবিত্র দত্তের ছেলে। চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল সে।
“ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর অব্যাহত তৎপরতায় সোমবার দুপুরে অর্ধগলিত বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। পরে বস্তাবন্দি লাশের পোশাক দেখে তা শনাক্ত করেন দেবের বাবা পবিত্র দত্ত।”
এরপর লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তল বলেন, দেবকে অপহরণের পর থেকে উদ্ধারের দাবিতে ঢাকা-কুষ্টিয়া-মিরপুরসহ বিভিন্ন স্থানে রোববার পর্যন্ত মানববন্ধন হয়েছে।
