কুষ্টিয়ার দেবের সন্ধান ৪ দিনেও মেলেনি
কুষ্টিয়ার মিরপুর উপজেলার তৃতীয় শ্রেণির ছাত্র দেব দত্তের সন্ধান চারদিনেও মেলেনি।
এ ঘটনায় অপহৃতের পরিবারসহ এলাকাবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
গত ৮ জুন উপজেলার চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র দেব দত্তকে (৯) অপহরণ করা হয় বলে তার স্বজনরা জানিয়েছেন।
দেবের মা প্রতিমা দত্ত বলেন, “মঙ্গলবার অপহরণের চার দিন পেরিয়ে গেছে তবুও বাবু সোনার খোঁজ পাইনি। ছেলেটা কোথায় কী অবস্থায় আছে তাও জানি না।”
এখন পর্যন্ত এ ব্যাপারে তাদের কাছে কেউ কোনো ফোনও করেনি বলে তিনি জানান।
স্বজনরা জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে দেব প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর উপজেলার চিথলিয়া ইউনিয়নের চিথলিয়া গ্রাম থেকে দুইজন মোটরসাইকেল আরোহী রাস্তা থেকে দেবকে তুলে নিয়ে যায় বলে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান।
মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, অপহৃত শিশুটিকে উদ্ধারে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন সোর্স লগিয়ে কাজ করছে পুলিশ।
এদিকে, অপহৃত শিশু দেবকে উদ্ধারের দাবিতে বুধবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া শহরের এনএস রোডস্থ সার্বজনীন পূজা মন্দিরের সামনে মানববন্ধনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
ঐক্য পরিষদের সভাপতি সুধীর শর্মা একথা জানান।
দেব দত্ত মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের স্কুল শিক্ষক পবিত্র দত্তের ছেলে।
