সাভারে সড়কের পাশে নারীর লাশ
ঢাকার সাভারের সড়কের পাশ থেকে এ নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার সাভারের সরকারি ছাগল উন্নয়ন খামারের সামনে সিঅ্যান্ডবি-আশুলিয়া সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে সাভার মডেল থানার ওসি মোহসিনুল কাদির জানান।
নিহত আকলিমা বেগম (২৫) মানিকগঞ্জের শিবালয় থানার আমডালা গ্রামের পোশাক শ্রমিক সাদ্দাম মোল্ল্যার স্ত্রী।
ওসি বলেন, কয়েকদিন আগে ঈদের কেনাকাটা করার জন্য সাভারের কলমা এলাকায় স্বামীর কাছে আসেন আকলিমা। কেনাকাটা শেষে শনিবার সকালে কলমা এলাকা থেকে সিঅ্যান্ডবি আসার জন্য তাকে অটোরিকশায় উঠিয়ে দেয় স্বামী।
“পরে ছাগল উন্নয়ন খামারের সামনে রাস্তার পাশে ওই গৃহবধুর লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়।”
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ওই গৃহবধূর গলায় আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে তিনি বলেন, ধারণা করা হচ্ছে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে বা তার স্বামী হত্যা করে লাশ ফেলে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
