২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় বোমা ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি

ঢাকার সাভারের আশুলিয়ায় হাতবোমা ফাটিয়ে একটি স্বর্ণের দোকান লুট করেছে ডাকাতরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2018, 11:07 AM

Updated : 19 Aug 2022, 02:07 PM

আশুলিয়ার কুমকুমারী বাজারে ‘সততা জুয়েলার্সে’ বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে বলে আশুলিয়া থানার এসআই শহিদুল ইসলাম জানিয়েছেন।

ডাকাতদের ছোড়া বোমার আঘাতে দোকান মালিক বিপ্লব সরকার (৪২) ও কর্মচারী বিদ্যুৎ রায় (৩৪) আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিপ্লব সরকার সাংবাদিকদের বলেন, “রাতে দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলাম তখন একটি প্রাইভেটকার থেকে কয়েকজন নেমে একটি হাতবোমা ফাটায়। পরে তারা দোকানে ঢুকে প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা লুট করে পালিয়ে যায়।”

এসআই শহীদুল বলেন, খবর পেয়ে রাতেই তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। দুর্বৃত্তরা আগে থেকে ঘটনাস্থলে ওত পেতে ছিল বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধারে অভিযান চলছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।