২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে শ্রমিকের মৃত্যু, ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ঢাকার সাভারে এক টেক্সটটাইল মিলে অসুস্থ শ্রমিককে ছুটি না দেওয়ার অভিযোগ তুলে তার মৃত্যুর পর ঢাকা-আরিচা মহাসড়ক সাড়ে তিন ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে শ্রমিকরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2018, 10:08 PM

Updated : 11 Oct 2022, 12:19 PM

সাভার শিল্প পুলিশের পরিদর্শক মো. হারুন উর রশিদ জানান, পরে কারখানা কর্তৃপক্ষ সাড়ে চার লাখ টাকা ক্ষতিপূরণ দিতে চাইলে তারা অবরোধ তুলে নেন।

নিহত রাশেদুল ইসলাম (২৭) কুড়িগ্রাম জেলার উলিপুর থানার জায়গীর গ্রামের মঞ্জুর মুন্সীর ছেলে।

রাশেদুল উলাইল এলাকায় সপরিবার ভাড়া বাসায় থেকে এইচআর টেক্সটাইল কারখানায় সুইং অপারেটর হিসেবে কাজ করতেন।

রাশেদের সহকর্মী মাজেদা বেগম জানান, মনিবার দুপুরের রাশেদুল খাবার খেয়ে কাজ করতে বসলে কিছুক্ষণ পর তার মাথা ব্যথা ও বমি হয়। তাকে কারখানার চিকিৎসক ওষুধ দেন। এর পরও তার শরীর ঠিক না হওয়ায় তিনি হাসপাতালে যাওয়ার জন্য কারখানার ব্যবস্থাপক (উৎপাদন) আব্দুল্লাহ আল মামুনের কাছে ছুটি চান। কিন্তু তিনি ছুটি দেননি।

এরপর আরও কয়েকজনের কাছে ছুটি চাইলেও তাকে ছুটি দেওয়া হয়নি বলে অভিযোগ করেন আমেনা বেগম, ওসমান গনি, শহিদুলসহ কয়েকজন শ্রমিক।

বিকাল সাড়ে ৫টার দিকে কারখানার ভেতরেই মৃত্যুর পর তাকে হাসপাতালে নেওয়া হয় বলে তাদের অভিযোগ।

পরিদর্শক হারুন বলেন, ক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় নেমে অবরোধ সৃষ্টি করে ১০-১৫টা গাড়ি ভাংচুর করেছেন।

“খবর পেয়ে সাভার মডেল থানার পুলিশ ও শিল্প পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দেয়। মালিক পকর্তৃপক্ষ সাড়ে চার লাখ টাকা ক্ষতিপূরণ দিতে চাইলে তারা অবরোধ তুলে নেন।”

অবরোধে ওই সড়কে হাজার হাজার যানবাহন আটকা পড়ে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। অনেকে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা হয়।