শিশু ধর্ষণ, ফরিদপুর মেডিকেলের ক্যান্টিন পরিচালক আটক
পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ক্যান্টিনের পরিচালককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ক্যান্টিনের ভেতরে পরিচালক মো. আমিনুর (৫৬) শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ করেছে কলেজ কর্তৃপক্ষ।
কলেজের অধ্যক্ষ খবিরুল ইসলাম জানান, “শিশুটির মা ক্যান্টিনে কাজ করেন। প্রতিদিনের মত আজও শিশুটি মায়ের সঙ্গে সেখানে আসে। সন্ধ্যার পর প্রচণ্ড ঝড়-বৃষ্টি হওয়ায় ক্যান্টিনে লোকজন ছিল না।
“এই সুযোগে পরিচালক আমিনুর শিশুটিকে ধর্ষণ করে। পরে তার চিৎকারে এক ইন্টার্ন চিকিৎসক এগিয়ে গেলে আমিন পালানো চেষ্টা করলে লোকজন তাকে ধরে পুলিশে দেয়।”
শিশুটিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করে গাইনি বিভাগে ভর্তি করা হয়েছে। শুক্রবার ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেওয়া হবে বলে জানান তিনি।
এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ মামলা করেছে।
এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি এফএম নাছিম জানান, পাঁচ বছর বয়সী শিশুটিকে ধর্ষণের অভিযোগে আমিনুর নামে একজনকে আটক করেছি । বিষয়টি তদন্ত চলছে। তদন্তের পরেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।
