হাতিয়ায় গুলিতে ছাত্র নিহতের ঘটনায় মামলা
নোয়াখালীর হাতিয়ায় গুলিতে মাদ্রাসা ছাত্র নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে।
হাতিয়া থারার ওসি কামরুজ্জামান শিকদার জানান, নিহত মিশকাতুর রহমান নীরবের বাবা মিরাজ উদ্দিন বাদী হয়ে মঙ্গলবার দুপুরে মামলাটি দায়ের করেন।
“মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সদস্য আতিকুর রহমান জিন্নুরসহ ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ২৫ জনকে আসামি করা হয়েছে।”
আসামিদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
রোববার রাতে হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বেজু গালিয়া এলাকায় প্রতিপক্ষের লোকজন মিরাজ উদ্দিনের বাড়িতে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় মিরাজ ও তার একমাত্র ছেলে রহমানিয়া মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র মিশকাতুর রহমান নীরব গুলিবিদ্ধ হয়।
রাতেই তাদের দুজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা নীরবকে মৃত ঘোষণা করেন।
