রাবি শিক্ষক রেজাউল হত্যার রায় ৮ মে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় পাঁচ ‘জেএমবি’ সদস্যর রায় জানা যাবে আগামী ৮ মে।
বুধবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরীন কবিতা আখতার রায় ঘোষণার এ দিন রাখেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু জানান, মামলার সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার থেকে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। বুধবার যুক্তিতর্ক শেষ হলে আদালত রায় ঘোষণার জন্য আগামী ৮ মে দিন রাখে।
মামলার ৩২ জন সাক্ষীর মধ্যে ২৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয় বলে জানান তিনি।
২০১৬ সালের ২৩ এপ্রিল সকালে রাজশাহী নগরীর শালবাগান এলাকায় নিজের বাড়ি কাছে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয় ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে। নিহতের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ পরদিন অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে বোয়ালিয়া থানায় একটি হত্যা দায়ের করেন।
এ মামলায় ২০১৭ সালের ৬ নভেম্বর আটজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
আসামিদের মধ্যে খায়রুল ইসলাম বাঁধন, নজরুল ইসলাম ওরফে হাসান ওরফে বাইক হাসান ও তারেক হাসান ওরফে নিলু ওরফে ওসমান আইনশৃংখলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
বাকি পাঁচ আসামি হলেন বগুড়ার শিবগঞ্জের মাসকাওয়াত হাসান ওরফে আব্দুল্লাহ ওরফে সাকিব, নীলফামারির মিয়াপাড়ার রহমত উল্লাহ, রাজশাহী মহানগরীর নারিকেল বাড়িয়া এলাকার আবদুস সাত্তার ও তার ছেলে রিপন আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম।
এর মধ্যে শরিফুল এখনও পলাতক এবং আবদুস সাত্তার জামিনে রয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে জীবিত এবং মৃত আসামিদের সম্পৃক্ততা প্রমাণ করতে পেরেছেন।
রায়ে জীবিতদের সবার সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছেন বলে জানান তিনি।
