শিক্ষক রেজাউল হত্যায় অভিযোগপত্র গ্রহণ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় পাঁচ ‘জেএমবি’ সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণের আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর মুখ্য হাকিম আদালত-৩ বিচারক জাহিদুল ইসলাম এ আদেশ দেন।
এরা হলেন মাসকাওয়াত আবদুল্লাহ, রিপন হোসেন, আব্দুস সাত্তার, রহমতুল্লাহ ও শরিফুল ইসলাম। এদের মধ্যে শরিফুল পলাতক।
আদালত পরিদর্শক আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার দুপুরে এ মামলা গ্রেপ্তার ১১ জনকে আদালতে হাজির করা হয়।
“শুনানি শেষে আদালত পাঁচজনের বিরুদ্ধে পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণ ও পলাতক শরিফুলকে গ্রেপ্তারের নির্দেশ দেন।”
পরে আরেক শুনানিতে রেজাউল হত্যায় গ্রেপ্তার অন্য সাতজনকে অব্যাহতি দেওয়া আদেশ দিয়েছেন বলে জানান তিনি।
অব্যাহতি প্রাপ্তরা হলেন, বাগমারার দরগামাড়িয়া জামে মসজিদের ইমাম খায়রুল ইসলাম, আব্দুল গাফ্ফার, মাহাবুবুল আলম, রায়হানুল হক, নছরুল্লাহ, আব্দুর রহমান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র মুন্তাসিরুল আলম অনিন্দ।
গত ২৩ এপ্রিল সকালে নগরীর শালবাগান এলাকায় গলাকেটে হত্যা করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজির শিক্ষক রেজাউল করিম সিদ্দিকীকে।
নিহতের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ পরদিন অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে বোয়ালিয়া থানায় একটি হত্যা দায়ের করেন।
এ মামলায় পুলিশ মোট ১২ জনকে গ্রেপ্তার করে। যাদের মধ্যে একজন কারাগারে মারা যান। অপর ১১ জন গ্রেপ্তারের পর থেকে কারাগারে ছিলেন।
পরিদর্শক হাশেম বলেন, “দেশব্যাপী ব্লগার ও প্রগতিশীল ব্যক্তিদের টার্গেট কিলিংয়ের অংশ হিসেবে জেএমবি সদস্যরা অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে হত্যা করেছে বলে অভিযোগপত্র উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তারের পর চার জেএমবি সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ হত্যার দায় স্বীকারও করেছে।”
তদন্তে এ হত্যাকাণ্ডে ‘সরাসরি’ জড়িত আটজনের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া গেলেও তিনজন মারা যাওয়ায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে বলেন তিনি।
