অধ্যাপক রেজাউল হত্যায় গ্রেপ্তার শিবির নেতার মৃত্যু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেপ্তার শিবির নেতা হাফিজুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাফিজুরের মৃত্যু হয় বলে জেলা কারাগারের সুপার শফিকুল ইসলাম জানান।
হাফিজুর নগরীর ১৯ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সেক্রেটারি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
জেল সুপার শফিকুল ইসলাম বলেন, অসুস্থতার কারণে হাফিজুর গত ১৭ মে থেকে ওই হাসপাতালে প্রিজন সেলে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে সেখান তার মৃত্যু হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক গাজী শরিফুল আলম চৌধুরী বলেন, “হাফিজুরের জন্মগত রক্ত স্বল্পতা ছিল। তার শরীরে ঠিকমতো রক্ত তৈরি হতো না।”
হাফিজুরের রক্তস্বল্পতার বিষয়টি স্বীকার করে তার বড় ভাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে হাফিজুরের জন্য রক্তের প্রয়োজন বলে আমাকে ফোনে জানিয়েছিল জেলার। সেখানে আমি যাওয়ার পর তার মৃত্যু হয়।”
এর আগে তাৎক্ষণিকভাবে পুলিশ ক্যান্সারে হাফিজুরের মৃত্যু হয় বলে জানিয়েছিল।
আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান জেল সুপার শফিকুল ইসলাম।
গত ২৩ এপ্রিল সকালে রাজশাহীর শালবাগান এলাকায় কুপিয়ে হত্যা করা হয় ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিমকে। তার ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ হোসেন ওইদিনই নগরীর বোয়ালিয়া থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেন।
পরদিন শিবির নেতা হাফিজুরকে ওই মামলায় নগরীর ছোট বনগ্রাম এলাকার একটি বাসা থেকে পুলিশ গ্রেপ্তার করে।
এপ্রিলের শেষে হাফিজুরকে চার দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করে পুলিশ।
