সিদ্ধিরগঞ্জে স্ত্রীকে ‘হত্যার’ পর যুবকের ‘আত্মহত্যা’
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার উপজেলার শিমরাইল উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-ক) মো. শরফুদ্দীন জানান।
নিহতরা হলেন জামালপুরের জামালউদ্দিনের ছেলে রেজাউল করিম (২২) ও তার স্ত্রী সুনামগঞ্জের ধর্মপাশা থানার হলুদাকান্দা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে মিম আক্তার (২০)। শিমরাইল এলাকায় সস্ত্রীক বসবাস করতেন রেজাউল।
মিমের বড় ভাই জাহাঙ্গীর আলম বলেন, তিন বছর পূর্বে আগে রেজাউলের সঙ্গে তার বোনের বিয়ে হয়। রেজাউল রিকশা চালত। বিয়ের পর তারা সিদ্ধিরগঞ্জের শিমরাইল উত্তরপাড়া এলাকায় বসবাস শুরু করে।
“বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া লেগে থাকত। এর জেরেই মিমকে শ্বাসরোধ করে হত্যা করেছে রেজাউল।”
পুলিশ কর্মকর্তা শরফুদ্দীন বলেন, পারিবারিক কলহের জেরে রোববার রাত থেকে সোমবার সকালের কোনো এক সময় মিমকে ঘরের ভেতরে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে রেজাউল বিষপান করলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পরিবারের লোকজন।
পরে বাড়ির লোকজন পুলিশে খবর দিলে মিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আর বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেজাউলের মৃত্যু হয় বলে জানান তিনি।
