২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে পুকুরের ইজারা নিয়ে বিরোধের সংঘর্ষে আহত ৫

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় একটি পুকুরের ইজারা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। 

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2018, 01:07 PM

Updated : 19 Aug 2022, 01:52 PM

রোববার সকালে উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের তামাই গ্রামে এ ঘটনা ঘটে বলে বেলকুচি থানার ওসি মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান।

আহতরা হলেন ওই গ্রামের আব্দুল মান্নান খানের তিন ছেলে সুমন খান (৪০), মেরাজুল ইসলাম খান (৩৫) ও সিরাজুল ইসলাম খানকে (৩০)। তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

ওসি সাজ্জাদ বলেন, তামাই গ্রামের সুজন খান গংদের একটি একটি পুকুর ‘সুজন প্রতিজ্ঞা সমবায় সমিতির’ সভাপতি আমির হামজা ইজারা নিয়ে মাছ চাষ করতেন।টাকা পয়সার লেনদেন নিয়ে সম্প্রতি সুজন ও তার ভাইদের সঙ্গে আমিরের বিরোধ শুরু হয়। এর জেরে পুকুরের মালিকেরা চলতি বছর আমিরকে ইজারা না দেওয়ার সিদ্ধান্ত নেন।

“সকালে পুকুর মালিকেরা এ সিদ্ধান্তের কথা আমিরের অনুসারীদের জানালে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে আমিরের নেতৃত্বে ১৫/২০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সুজন ও তার ভাইদের ওপর হামলা চালায়।”

এ সময় সুজন ও তার দুই ভাইসহ উভয়পক্ষের পাঁচজন আহত হন বলে এ পুরিশ কর্মকর্তা জানান।  

ওসি সাজ্জাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে এ ঘটনায় এখনও কোনো পক্ষ মামলা করেনি।