২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিউটি ধর্ষণ ও হত্যা: এসআই জাকিরের শাস্তির সুপারিশ

হবিগঞ্জের বিউটি আক্তার ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে দায়িত্বে আবহেলার অভিযোগে এসআই জাকির হোসেনের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির সুপারিশ করেছে পুলিশের একটি তদন্ত দল।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2018, 06:35 PM

Updated : 08 Apr 2022, 06:09 PM

মঙ্গলবার পুলিশ সুপার বিধান ত্রিপুরার হাতে এ ব্যাপারে প্রতিবেদন দাখিল করেন অতিরিক্ত পুলিশ সুপার আ স ম শামছুর রহমান ভূঞা।

শামছুর রহমান ভূঞা বলেন, বিউটি ধর্ষণ ও হত্যা মামলার তদন্ত কর্মকর্তা থাকাকালে দায়িত্বে অবহেলার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে এসআই জাকিরের বিরুদ্ধে।

“বিশেষ করে যেদিন ঘটনা ঘটে এর আট দিন পর ভিকটিমের মেডিকেল করানো হয়। এর মাঝে সে ভিকটিমের পরিবারের সঙ্গেও যোগাযোগ করেনি। আসামিকেও ধরতে ব্যর্থ হয়। এই ঘটনায় সালিশেরও উদ্যোগ হয়।

“তারপরও কিছু করতে না পারা শুধু কর্তব্যে অবহেলা নয়, বরং তার দক্ষতারও অভাব রয়েছে।”

যথাসময়ে মেডিকেল করানো হলে এবং আসামিকে গ্রেপ্তার করা হলে হয়ত হত্যাকারী বিউটিকে হত্যা করতে পারত না বলে শামছুর রহমানের ভাষ্য।

তিনি আরও জানান, শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. আনিসুর রহমানকে আরও দায়িত্বশীল হওয়ার জন্য মৌখিকভাবে জানানো হয়েছে।

গত ২১ জানুয়ারি শায়েস্তাগঞ্জের ব্রাহ্মণডোরা গ্রামের দিনমজুর সায়েদ আলীর মেয়ে বিউটি আক্তারকে (১৪) বাড়ি থেকে অপহরণ করা হয়। এক মাস তাকে আটকে রেখে ধর্ষণ করার অভিযোগ ওঠে বাবুল মিয়ার বিরুদ্ধে।

এরপর বিউটিকে কৌশলে তাদের বাড়ি রেখে যায়। এ ঘটনায় গত ১ মার্চ বিউটির বাবা সায়েদ আলী বাদী হয়ে বাবুল ও তার মা স্থানীয় ইউপি মেম্বার কলমচানের বিরুদ্ধে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহরণ ও ধর্ষণ মামলা করেন। পরে মেয়েকে সায়েদ আলী তার নানার বাড়িতে পাঠিয়ে দেন। এরপর ১৬ মার্চ রাতে বিউটি আক্তারকে লাখাই উপজেলার গুনিপুর গ্রামের তার নানার বাড়ি থেকে তুলে নিয়ে যায়। ফের ধর্ষণের পর তাকে খুন করা হয়।

বিউটি ধর্ষণ ও হত্যা মামলার তদন্ত করছিলেন এসআই জাকির হোসেন। দায়িত্বে অবহেলার অভিযোগে সোমবার এসআই জাকিরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।

এছাড়া গত বৃহস্পতিবার পুলিশ সুপার বিধান ত্রিপুরা তিন সদস্যের একটি কমিটি গঠন করে দেন বিষয়টি তদন্তের জন্য। তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয় কমিটিকে।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আ স ম শামছুর রহমান ভূইয়ার নেতৃত্বে অন্য দুই সদস্য হলেন বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা ও সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম।

গত ২১ মার্চ পুলিশ বাবুলের মা কলমচান ও সন্দেহভাজন হিসেবে একই গ্রামের ঈসমাইলকে আটক করে। ৩১ মার্চ সিলেট থেকে বাবুলকে গ্রেপ্তার করে র‌্যাব। গত রোববার আদালত বাবুলকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে (রিমান্ড) নেওয়ার আদেশ দিয়েছে।

পুরনো খবর:

বিউটি হত্যা: বাবুল ৫ দিনের রিমান্ডে
হবিগঞ্জে বিউটি ধর্ষণ ও হত্যা: গ্রেপ্তার হয়নি হোতা বাবুল