২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ার ‘আলো প্রতিদিনের’ সম্পাদকের মৃত্যু

ছেলের মৃত্যুর দুই মাসের মধ্যে বগুড়ার স্থানীয় দৈনিক আলো প্রতিদিনের সম্পাদক আইনুল হক সোহেল মারা গেছেন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2018, 09:48 PM

Updated : 19 Aug 2022, 01:49 PM

রোববার ভোর রাতে তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানিয়ছেন।  

আইনুল হকের (৫৮) মেয়ে গুঞ্জন বলেন, তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। প্রায় দুই মাস আগে ভারতে তিনি চিকিৎসা নিতে যান। সেখানে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ছেলে তালহা মোন্তাকিম দীপ্ত তাকে দেখতে কলকাতা যান। সেখানে তিনি নিজেই হৃদরোগে আক্রন্ত হয়ে মারা যান।

গুঞ্জন আরও বলেন, সোহেলের শারীরিক অবস্থা বিবেচনা করে ছেলের মৃত্যুর খবরটি তার কাছে গোপন রাখা হয়। চিকিৎসা নিয়ে দেশে ফেরার পর ছেলের মৃত্যুর খবর শুনে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

“রোববার ভোর রাতে মাথায় রক্তক্ষরণে তার মৃত্যু হয়।”

গুঞ্জন জানান, তার প্রথম নামাজে জানাজা রোববার বাদ জোহর বিসিক শিল্প নগরীতে হয়। দ্বিতীয় জানাজা সোমবার নারুলি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে। পরে বগুড়ার নামাজগড় কবরস্থানে তাকে দাফন করা হবে।

তার মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। দেশের বাইরে থাকা স্বজনরা এলে তাকে দাফন করা হবে বলে তিনি জানান।  

আইনুল হক  বগুড়ার স্থানীয় দৈনিক আলো প্রতিদিনের সম্পাদক ছিলেন। পাশাপাশি বগুড়া প্রেসক্লাবের সদস্য, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ছিলেন।

তিনি একমাত্র মেয়ে গুঞ্জন ও স্ত্রী রেখে যান।

তার মৃত্যুতে স্থানীয় দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক লালু, দৈনিক আলো প্রতিদিনের উপদেষ্ঠা সম্পাদক আব্দুস সালাম বাবু, দৈনিক মুক্তবার্তার সম্পাদক ওয়াসিকুর রহমান বেচান, উত্তরকোণের সম্পাদক মোজাম্মেল হক তালুকদার, দৈনিক বগুড়ার সম্পাদক রেজাউল করিম বাদশা, দৈনিক মুক্তজমিনের সম্পাদক আনোয়ার হোসেন রানা, স্থানীয় গণমাধ্যম কর্মী, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।