২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভালুকায় বিস্ফোরণে নিহতদের ক্ষতিপূরণ দাবিতে কুয়েটে অনশন

ময়মনসিংহের ভালুকায় বিস্ফোরণে নিহতদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে আমরণ অনশন শুরু করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2018, 09:27 PM

Updated : 11 Oct 2022, 12:14 PM

বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের ডাকে শনিবার বেলা সাড়ে ৩টা থেকে প্রশাসনিক ভবনের সামনে অনশন বসেছেন তারা।

গত ২৫ মার্চ রাতে ভালুকায় বিস্ফোরণে বিশ্ববিদ্যালয়েরে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের মো. তাওহীদুল ইসলাম নিহত হন। গুরুতর আহত হন মো. শাহীন মিয়া, মো. হাফিজুর রহমান ও দীপ্ত সরকার।

পরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ২৮ মার্চ রাতে শাহীন মিয়া, ২৯ মার্চ রাতে হাফিজুর ও ৩০ মার্চ সকালে দীপ্তর মৃত্যু হয়।

ভালুকার মাস্টার বাড়ি এলাকার একটি বাড়িতে ভাড়া থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের এ চার শিক্ষার্থী স্কয়ার গ্রুপের একটি টেক্সটাইল মিলে ইন্টার্নশিপ করছিলেন।

অনশনরত শিক্ষার্থীরা বলেন, বিভাগের চার শিক্ষার্থীর চিকিৎসার জন্য প্রায় ছয় লাখ টাকা খরচ করা হয়েছে, যার মধ্যে মাত্র ৫০ হাজার টাকা বিশ্ববিদ্যালয় দিয়েছে। বাকি টাকা শিক্ষার্থীসহ দেশ বিদেশের সাবেক শিক্ষার্থীদের কাছ থেকে সহযোগিতা নেওয়া হয়েছে।

একটাই দাবি ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে বিশ্ববিদ্যালয় থেকে এক কোটি টাকা করে মোট চার কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এই ক্ষতিপূরণের টাকা রোববার বেলা ১টার মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারকে দিতে হবে বলে তারা সময় বেঁধে দেন।

ক্ষতিপূরণের টাকা পরিবারের হাতে না যাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন এবং রোববার পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান শিক্ষার্থীরা।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী কুয়েটের সাবেক জিএস ইয়াসির আরাফাত বলেন, “আমাদের দাবির প্রেক্ষিতে দুপুরে সিন্ডিকেটের সভা ডাকা হয়। সভায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা করে অনুদান এবং প্রত্যেক পরিবারের সদস্যদের তাদের শিক্ষাগতা যোগ্যতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে চাকরির ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়।”

ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যরা খেটে খাওয়া মানুষ এবং দুইজনের বাবা নেই। আর তাওহীদের বাবা প্যারালাইজড জানিয়ে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় কাদের চাকরি দিবে? আমরা এই সিদ্ধান্ত মানি না। প্রত্যেক পরিবারকে কমপক্ষে ১ কোটি টাকার সাহায্য না দেওয়া পর্যন্ত আমরণ অনশন অব্যাহত থাকবে।”

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভিসি মুহাম্মদ আলমগীর বলেন, প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে এক কোটি টাকা করে দেয়ার সামর্থ্য বিশ্ববিদ্যালয়ের নেই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শনিবার সিন্ডিকেটের সভা করেছে। ওই সভায় প্রত্যেক পরিবারকে পাঁচ লাখ টাকা এবং তাদের পরিবারের একজনকে যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়া হবে।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে পরবর্তীতে আরও সহায়তার ব্যবস্থা করা হবে জানিয়ে তিনি বলেন, ভালুকায় যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে তাদের বিরুদ্ধে মামলা করে ক্ষতিপূরণ আদায় করবে বিশ্ববিদ্যালয়।

এদিকে কুয়েটের চার শিক্ষার্থীর নিহতের ঘটনায় শনিবার থেকে তিন দিনের শোক পালন করছে বিশ্ববিদ্যালয়।