খালেদাকে হাজির না করায় কারা কর্তৃপক্ষকে নোটিশ
কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোলবোমা হামলার মামলায় ধার্য তারিখে খালেদা জিয়াকে হাজির না করায় কারা কর্তৃপক্ষকে কারণ দর্শাতে বলেছে আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী খোরশেদ আলম জানান, বুধবার কুমিল্লার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আরাফাত রহমান এ আদেশ দেন।
খোরশেদ আলম বলেন, খালেদা জিয়াকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য গত ১২ মার্চ কুমিল্লার আদালত পুলিশের পরিদর্শক সুব্রত ব্যানার্জী আবেদন করেন।
“আদালত আবেদন গ্রহণ করে মামলার পরবর্তী তারিখ ২৮ মার্চ বিএনপি চেয়ারপারসনকে আদালতে হাজির করানোর জন্য পরোয়ানা কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন। ওইদিনই আদেশ কুমিল্লা কারাগারের পাঠানো হয়।
“নির্ধারিত তারিখে খালেদাকে আদালতে হাজির না করার কারণ আগামী সাত দিনের মধ্যে ব্যাখ্যা করতে বলেছে কারা কর্তৃপক্ষকে।”
আগামী ৮ এপ্রিল মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে বলে তিনি জানান।
খালেদার আইনজীবী কাইয়ুমুল হক রিংকু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালতে খালেদা জিয়ার পক্ষে জামিনের আবেদন করেছেন তারা। কিন্তু খালেদাকে আদালতে হাজির না করায় এবং এ সংক্রান্ত কোনো প্রতিবেদন কারা কর্তৃপক্ষ দাখিল না করায় জামিন আবেদনের শুনানি হতে পারেনি।
বিএনপি-জামায়াত জোটের অবরোধের মধ্যে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় একটি নৈশকোচে পেট্রোল বোমা হামলায় আট যাত্রী নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি পৃথক মামলা হয়।
হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৭৭ জনের নামে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। আদালতে হাজির না হওয়ায় খালেদা জিয়াসহ ৫৫ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এ মামলায় গত ২৬ ফেব্রুয়ারি এক আদেশে খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানা বিষয়ে প্রতিবেদন দাখিল করতে পুলিশকে নির্দেশ দিয়েছে কুমিল্লার এই আদালত। ২৪ এপ্রিলের মধ্যে এ প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়।
খালেদা জিয়ার পক্ষে কাইয়ুমুল হক রিংকুসহ শতাধিক আইনজীবী অংশ নেন।
রাষ্ট্রপক্ষে ছিলেন জহিরুল ইসলাম সেলিম ও খোরশেদ আলমসহ ৩০/৪০ জন আইনজীবী।
জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে বন্দি আছেন খালেদা জিয়া।
