পিরোজপুরে সাংবাদিকদের প্রশিক্ষণ
পিরোজপুরে ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ শুরু হয়েছে।
শুক্রবার বিকালে পিরোজপুর সার্কিট হাউজ মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন তথ্য মন্ত্রাণলায়ের ভারপ্রাপ্ত সচিব মো. নাসির উদ্দিন আহমেদ।
বাংলাদেশ প্রেস ইনিষ্ট্রিটিউট (পিআইবি) এর আয়োজন করেছে।
উদ্বোধন অনুষ্ঠানে নাসির উদ্দিন আহমেদ বলেন, সরকার ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ওয়েজ বোর্ডের আওতায় নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। অল্পদিনের মধ্যেই ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এর সুবিধা ভোগ করতে পারবেন।
পিরোজপুরে সাংবাদিকদের নামে কোনো অপসাংবাদিকতার অভিযোগ নেই বলে জানান মন্ত্রণালয়ের এই কর্মকর্তা।
স্বাধীনতার মাসে এ দেশের মানুষের জন্য দুটি গৌরব ও আনন্দের সংবাদ আসছে বলে জানান নাসির উদ্দিন।
“একটি হলো এ মাসেই জাতিসংঘ বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত হবার ঘোষণা দিচ্ছে; অপরটি হলো বঙ্গবন্ধু স্যাটেলাইট আমারা উৎক্ষেপণ করছি।”
বর্তমান সরকার গণমাধ্যমেকে উন্নয়নবান্ধব এবং জনকল্যাণমুখী করার জন্য কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠুর সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের পরিচালক আনোয়ারা বেগম এবং পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু।
উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কাজী মো. তোফায়েল হোসেন, জেলা তথ্য অফিসার মো. মোহাসীন হোসেন তালুকদারসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী।
