রায়ের কপির সাথে সরকারের সংশ্লিষ্টতা নেই: আইন মন্ত্রী
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়ের কপি দিতে কালক্ষেপণ করার জন্য সরকারকে দোষারোপ করার সমালোচনা করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় এক অনুষ্ঠানে তিনি বলেন, আদালত থেকে রায়ের কপি দেওয়া হচ্ছে না বলে বিএনপির আইনজীবীরা যে অভিযোগ করছেন সেটা সম্পূর্ণ মিথ্যা।
জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নিীতি মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে। একই সঙ্গে আর্থিক জরিমানাও হয়েছে।
গত ৮ ফেব্রুয়ারি এ মামলার রায় হলেও এখনও রায়ের কপি না পাওয়ায় উচ্চ আদালতে আপিল করা যাচ্ছে না এবং জামিন আবেদনও করা যাচ্ছে না।
খালেদার কারাভোগ দীর্ঘায়িত করতে সরকার এ কৌশলের আশ্রয় নিয়েছে বলে বিএনপির শীর্ষ নেতা ও আইনজীবীদের অভিযোগ।
“আমি গতকাল শুনেছি যে রায়ের কপি নিয়ে এজলাশে তারা জোর করার মতো অবস্থা তৈরি করেছেন কখন রায়ের কপি দেওয়া হবে।”
ওনারা কোনো আইনকানুন মানেন না বলেই এমনটা করছেন বলে মন্তব্য করেন মন্ত্রী।
তিনি বলেন, “রায়ের কপি যখন বিজ্ঞ আদালত তৈরি করবে তখন দিবে। এর সাথে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। ৬৩২ পাতার রায় যুক্তিসঙ্গতভাবে যতটুকু সময় লাগে ততটুটু সময়ের মধ্যে দিবে।”
দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এতিম শিশুদের মাঝে কম্বল এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণকালে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনিসুল হক ভূইয়া, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনএ) হাসিনা ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রাশেদ কায়সার জীবন, পৌরসভা মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মনির হোসেন প্রমুখ।
