২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এডি স্যার অফিসেই সংসার পেতেছেন’

মাগুরা পাসপোর্ট অফিসের একটি রুমে সস্ত্রীক বসবাস করছেন কার্যালয়টির প্রধান কর্তাব্যক্তি সহকারী-পরিচালক (এডি) খোরশেদ আলম।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2018, 09:54 PM

Updated : 11 Oct 2022, 12:06 PM

জেলা প্রশাসক আতিকুর রহমান বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ পেয়ে সোমবার জেলার গুরুত্বপূর্ণ এই কার্যালয়টি পরিদর্শনে গেলে বিষয়টি সাংবাদিকদের নজরে আসে।

অনিয়মের বিষয়ে খোরশেদ আলমের সঙ্গে কথা বলতে তার রুমের সামনে যেতেই তিনি দরজা থেকে বলেন, ভেতরে তার স্ত্রী রয়েছেন।

তিনি এখানে সস্ত্রীক বসবাস করেন বলে স্বীকার করেন, “মাগুরায় আমার বাসা নেই। এ কারণে স্ত্রী মাঝে মাঝে এসে এখানে থাকেন।”

তবে অফিসের কর্মচারীরা বলেছেন, তার স্ত্রী এখানে সব সময়ই থাকেন।

একজন কনিষ্ঠ কর্মকর্তা নাম না জানিয়ে বলেন, “এডি স্যার অফিসের এই রুমটিতে সংসার পেতেছেন। এখানেই তিনি তার বিবিকে নিয়ে বসবাস করেন। অফিস টাইমেও তিনি অধিকাংশ সময় অন্দরমহলে থাকেন।”

এদিকে কার্যালয়টিতে সেবাদান কার্যক্রম স্থবির হয়ে পড়েছে বলে অভিযোগ তুলেছেন পাসপোর্ট সংক্রান্ত সেবা নিতে আসা লোকজন।

বেলা ৩টার দিকে পাসপোর্ট অফিসে গিয়ে অধিকাংশ কর্মকর্তার টেবিল খালি দেখা গেছে।

সেবা নিতে আসা বিপ্লব হোসেন, মামুন মিয়াসহ প্রায় সবাই অভিযোগ করেছেন, তারা সকালে এসে লাইনে দাঁড়িয়ে আছেন। দুপুর গড়িয়ে গেলেও ছবি তোলা, ফিঙ্গার প্রিন্টসহ কোনো কাজ হয়নি।

মামুন বলেন, “দীর্ঘদিন ধরে নানা অনিয়ম-দুর্নীতি হচ্ছে এখানে। এ বিষয়ে খোরশেদ আলমের কাছে অভিযোগ করতে চাইলে তাকে খুঁজে পাওয়া যায় না।

“কর্মচারীরা বলেন, ‘স্যার অসুস্থ। রেস্টে আছেন।’ তিনি কি সব সময় অসুস্থ থাকেন?”

পাসপোর্ট অফিসের সেবার মান নিয়ে বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আতিকুর রহমানও।

তিনি বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ যাচাইয়ের জন্য কম্পিউটার অপারেটর আশিকুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করা হয়। মাগুরার কোনো অফিসেই সেবার নিম্নমান ও অসততার বিষয়ে জেলা প্রশাসন কাউকে ছাড় দেবে না।”