বেনাপোলে ৬০ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ পাঁচজন আটক
বেনাপোলে ভারতফেরত পাঁচ বাংলাদেশিকে প্রায় ৬০ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ আটক করেছে বিজিবি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ইমাম হোসেন জানান, শুক্রবার বেলা ১২টার দিকে ভারত থেকে ফেরার পথে বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন - চাঁদপুরের মতলব উপজেলার টিটু বোকাউলের ছেলে নজরুল ইসলাম (৪১), ঢাকার মিরপুরের খবির উদ্দীনের ছেলে শহিদুর রহমান (৫২), আব্দুল মান্নান খানের ছেলে জুয়েল খান (৩২), ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানা ও নারায়ণগঞ্জের ফতুল্লা থানার দুই নারী। দুই নারীর বয়স ৩৫ ও ৩৮ বছর।
বিজিবি কর্মকর্তা ইমাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপনে খবর পেয়ে তাদের আটক করা হয়।
“তাদের দেহ ও ব্যাগ তল্লাশি করে রুপি, মার্কিন ডলার ও কানাডিয়ান ডলার পাওয়া গেছে; যা বাংলাদেশি ৫৯ লাখ ৫৯ হাজার ৭৫৪ টাকার সমান হবে।”
তাদের বিরুদ্ধে মুদ্রাপাচার আইনে মামলা দিয়ে বেনাপোল বন্দর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
