গোপালগঞ্জে বাস চাপায় নিহত ৩
গোপালগঞ্জে সদর উপজেলায় বাসচাপায় চালকসহ তিন ভ্যান আরোহীর প্রাণ গেছে; আহত হয়েছে অন্তত ছয়জন।
গোপালগঞ্জ সদর থানার ওসি গোলাম ফারুক জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কাঠি গ্রামের গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের মাজেদ মোল্লার ছেলে ভ্যানচালক আবুল কালাম মোল্লা (৪৫), গোলাবাড়িয়া গ্রামের হামিম (৩৫) ও থানাপাড় গ্রামের (৫০) আলামিন।
ওসি গোলাম ফারুক বলেন, কোটালীপাড়া থেকে গোপালগঞ্জগামী একটি বাস দত্তডাঙ্গা এলাকায় দুই পথচারীকে চাপা দেয়।পরে বাস নিয়ে চালক পালানোর সময় কাঠিগ্রামে তিনটি ভ্যানকে ধাক্কা দেয়।
“এতে ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।”
ওসি বলেন, পরে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের খানার পাড় এলাকায় বাস রেখে চালক পালিয়ে যায়। খবর পেয়ে উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে বাসে আগুন ধরিয়ে দেয়।
গোলাম ফারুক বলেন, এ সময় সড়কের দুই পাশে দিয়ে প্রায় এক ঘণ্টার মত যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে যান চলাচল স্বাভাবিক হয়।
