সখীপুরে ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে হরতাল
টাঙ্গাইলের সখীপুর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে স্থানীয় ছাত্রলীগের পদবঞ্চিত নেতাদের সমর্থকরা উপজেলায় আধাবেলা হরতাল পালন করেছে।
শুক্রবার বেলা ১২টা পর্যন্ত এ হরতালে ছাত্রলীগের ওই অংশটি লাঠি নিয়ে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছে এবং ঢাকা-সখীপুর সড়কের মোখতার চত্বর অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে।
হরতাল শেষে দুপুরে সখীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন সংগঠনের পদবঞ্চিত নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মির্জা শরীফ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফ সরকার, মুজিব কলেজ ছাত্র সংসদের ভিপি আব্দুর রউফ, জিএস রাসেল আল মামুন প্রমুখ।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম সমর্থিত সখীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সজীব আহমেদকে আহ্বায়ক করে বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলা ছাত্রলীগের ৭১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহন জয় সমর্থিত ছাত্রলীগের নেতাকর্মীরা ওই আহ্বায়ক কমিটিকে অবৈধ ঘোষণা করেন। কমিটি বাতিলের দাবিতে শুক্রবার সকালে বিক্ষোভ মিছিল বের করেন তারা।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফ সরকার, সাবেক যুগ্ম আহ্বায়ক মির্জা শরীফ, সরকারি মুজিব কলেজ ছাত্র সংসদের জিএস রাসেল আল মামুন ও বাবুল আহমেদ।
ওই সমাবেশে জেলা আওয়ামী লীগের নেতা জোয়াহেরুল ইসলামকে সখীপুরে অবাঞ্ছিত ঘোষণা করে তার কুশপুত্তলিকায় আগুন দেওয়া হয়।
উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মির্জা শরীফ বলেন, “জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাব খাটিয়ে পকেট কমিটি ঘোষণা করিয়েছেন। নিয়মিত ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে ওই কমিটি হয়েছে। এ কমিটি বাতিল না করা পর্যন্ত আন্দোলন চলবে।”
সদ্য ঘোষিত কমিটির আহ্বায়ক সজীব আহমেদ বলছেন, ‘নিয়ম মেনেই’ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। যারা মিছিল করছে তারা ছাত্রলীগের ‘কেউ নন’।
জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রনি আহমেদ বলেন, “গঠনতন্ত্র অনুসারে নিয়মিত ছাত্র ও ত্যাগী কর্মীদের নিয়েই কমিটি হয়েছে।”
জেলা ছাত্রলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমানের সঙ্গে এ বিষয়ে কথা বলতে চাইলে তিনি ফোন কেটে দেন।
