লৌহজংয়ে মসজিদে ঢুকে যুবককে পিটিয়ে হত্যা
মুন্সীগঞ্জের লৌহজংয়ে মসজিদে ঢুকে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার মেদিনী মন্ডল ইউনিয়নের জশলদিয়া পদ্মা সেতুর পুনর্বাসন প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে বলে লৌহজং থানার ওসি মো. আনিচুর রহমান জানান।
নিহত নুরুজ্জামান (২৬) জশলদিয়া গ্রামের হাছেন মোল্লার ছেলে। ইলিশ পরিবহনের যাত্রাবাড়ি কাউন্টারে কাজ করতেন তিনি।
স্থানীদের বরাত দিয়ে ওসি জানান, পূর্ব শত্রুতার জেরে মাসুম নামে এক ব্যক্তি তার সহযোগীদের নিয়ে নুরুজ্জামানের ওপর হামলা চালায়। এ সময় নিজেকে রক্ষা করতে দৌড়ে জশলদিয়া পদ্মা সেতু পুনর্বাসন প্রকল্পের মসজিদে আশ্রয় নেন তিনি।
“কিন্তু হামলাকারীরা মসজিদের ভেতরে ঢুকে লাঠিপেটা করে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”
হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
