২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলা রাজশাহীতে

প্রথম আলোর সম্পাদকসহ দুই জনের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে রাজশাহীর একটি আদালতে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2018, 05:42 PM

Updated : 19 Aug 2022, 01:27 PM

রোববার রাজশাহী মুখ্য মহানগর হাকিম আদালতে পৃথক দুইটি মামলা করেন সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী ও আব্দুল ওয়াদুদ দারা।

দুই মামলায় বাদীর আইনজীবী এজাজুল হক মানু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিচারক মাহবুবুর রহমান মামলা দুইটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছে।

জেলা আওয়ামী লীগ সভাপতি ফারুক রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) এবং পুঠিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওয়াদুদ রাজশাহী-৫ এর (পুঠিয়া-দুর্গাপুর) সংসদ সদস্য।

মামলার অপর আসামি প্রথম আলোর রাজশাহীর প্রতিনিধি আবুল কালাম মুহাম্মদ আজাদ।

মামলার নথি থেকে জানা যায়, গত ১১ ও ১৪ জানুয়ারি সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা ও ওমর ফারুক চৌধুরীকে নিয়ে প্রথম আলোতে দুইটি সংবাদ প্রকাশিত হয়।

এ সংবাদ প্রকাশের ফলে দুই বাদীর সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক, রাজনৈতিক সুনাম নষ্ট করা হয়েছে বলে উল্লেখ আছে মামলার আর্জিতে।