২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক শিক্ষক ক্লাস ‘নেন না’, বেতন তোলেন     

পাবনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক স্কুলে না গিয়েও নিয়মিত বেতন ভাতা তুলছেন বলে অভিযোগ উঠেছে।

সৈকত আফরোজ আসাদ

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2018, 08:13 PM

Updated : 11 Oct 2022, 11:59 AM

বেড়া উপজেলার রামণারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপুল কুমার বিশ্বাসের বিরুদ্ধে এ অভিযোগ করেন এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক।

নতুন মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহেদ আলী খান সম্প্রতি বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এই অভিযোগ করেছেন।

মাহেদ আলী খান অভিযোগ করেন, রামণারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপুল কুমার বিশ্বাস গত বছরের ১৩ এপ্রিল বিদ্যালয়ে যোগদানের পর থেকেই ক্লাসে অনুপস্থিত।

উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাদের যোগসাজসে ওই শিক্ষক মাসের পর মাস বেতন উত্তোলন করেছেন বলে তিনি অভিযোগ করেন।

এই দুই শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ করে ফল না হওয়ায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেন।

ওই বিদ্যালয়ের একাধিক অভিভাবক অভিযোগ করেন, “শিক্ষক বিপুল বিদ্যালয়ে উপস্থিত না থাকলেও প্রধান শিক্ষক নিয়মিত তার হাজিরা খাতায় স্বাক্ষর করিয়ে দেন।”

এ বিষয়ে রামণারায়ণ পুরসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকসেদ আলীর ফোনে বার বার যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কাজী আবুল কালাম আজাদ বলেন, “আমরা ওই শিক্ষকের সাথে অনেক চেষ্টা করেও যোগাযোগ করতে পারি নাই। ইতিমধ্যেই বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্যে চেষ্টা করছি।”

উপজেলা শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এতদিনে কেন ব্যবস্থা নেওয়া হয়নি জানতে চাইলে তিনি জানতেন না বলেও জানান।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “তদন্তের নির্দেশ দিয়েছি, এই বিষয়ে জিরো টলারেন্স। যারাই এই ধরনের অপকর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”