২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্য পরিদর্শকের বাসায় গর্ভপাতের সময় কিশোরীর মৃত্যু, আটক ২

শরীয়তপুরে একটি কমিউনিটি হাসপাতালের স্বাস্থ্য পরিদর্শকের বাসায় গর্ভপাত করাতে গিয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।    

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2018, 02:38 PM

Updated : 08 Apr 2022, 05:40 PM

গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের ভুলু সরদার পাড়া গ্রামে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে বলে গোসাইরহাট থানার ওসি মেহেদী মাসুদ জানান।

এ ঘটনায় স্বাস্থ্য পরিদর্শক মাজেদা বেগম ও তার ভাই আমিরুল ইসলামকে আটক করেছে পুলিশ।

মেয়েটির(১৩) লাশ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের ভাই বলেন, গোসাইরহাট উপজেলার মহিষকান্দি গ্রামের ৫৫ বছর বয়সী নুর ইসলাম মাদবরের সঙ্গে তার বোনের সম্পর্ক গড়ে উঠে।এক পর্যায়ে তার বোন গর্ভবতী হয়ে পড়লে নূর ও তার স্ত্রী আয়েশা খাতুন তাদের কিছু না জানিয়ে গর্ভপাত করানোর জন্য তার বোনকে স্থানীয় কুচাইপট্টি বাজারের একটি কমিউনিটি হাসপাতালে নিয়ে যায়।

সেখানে কর্তব্যরত স্বাস্থ্য পরিদর্শক মাজেদা মোটা অঙ্কের টাকার বিনিময়ে তার বোনের গর্ভপাত করাতে রাজি হয়। পরে মাজেদা তার গ্রামের বাড়ি ভুলু সরদার পাড়া গ্রামে নিয়ে যায় তার বোনকে।

সেখানে গর্ভপাত করার সময় তার বোন মারা যায় বলে জানান তিনি।

তিনি আরও বলেন, পরে নুর ইসলামের স্ত্রীর পরামর্শে মাজেদা ও তার ভাই আমিরুল তার বোনের লাশ কমিউনিটি হাসপাতালের পাশে গর্ত খুঁড়ে চাপা দেওয়ার জন্য চেষ্টা করে।

এ সময় স্থানীয়রা টের পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার এবং মাদেজা ও তার ভাইকে আটক করে।  

ওসি মেহেদী বলেন, তারা দুইজনকে আটক করলেও নুর ইসলাম ও তার স্ত্রী আশয়া বেগম পালিয়ে গেছে। এ ঘটনায় গোসাইরহাট থানায় মামলার প্রক্রিয়া চলছে।