২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে মাটিচাপায় মৃত্যুর ঘটনায় মামলা

সিলেটের জাফলংয়ে পাথর তুলতে গিয়ে মাটিচাপায় পাঁচজনের মৃত্যুর ঘটনায় জমির মালিকসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2018, 12:24 PM

Updated : 19 Aug 2022, 01:21 PM

এছাড়া এ ঘটনায় জেলা প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

গোয়াইনঘাট থানার ওসি দেলওয়ার হোসেন জানান, বুধবার সকালে নিহত জহুর আলীর মেয়ে জাকিরুন বেগম বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।

মঙ্গলবার বিকালে মন্দিরেরজুম এলাকায় গর্ত করে পাথর তোলার সময় মাটি ধসে ঘটনাস্থলে মারা যান চার শ্রমিক। পরে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন।

ওসি দেলওয়ার বলেন, এ ঘটনায় মঙ্গলবার রাতে শাহাব উদ্দিন নামে একজনকে আটক করেছে পুলিশ। আর গর্তের মালিক আব্দুস সাত্তার অন্য একটি মামলায় আগে থেকেই কারাগারে রয়েছেন। তাকে এ মামলায়ও গ্রেপ্তার দেখানো হবে।

তদন্ত কমিটি সম্পর্কে জেলা প্রশাসক রাহাত আনোয়ার বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুর রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন - অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ ও আরডিসি আরিফুর রহমান।

তবে কমিটি কত দিনের মধ্যে প্রতিবেদন দেবে সে বিষয়ে তিনি কিছু বলেননি।

পুরনো খবর:

সিলেটে পাথর কোয়ারিতে মাটি ধসে নিহত ৪