সিলেটে পাথর কোয়ারিতে মাটি ধসে নিহত ৪
সিলেটের জাফলংয়ে পাথর তোলার গর্তের মাটি ধসে এক নারীসহ চার শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকালে মন্দিরের জুম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ওসি দেলওয়ার হোসেন।
নিহতদের একজন হলেন নুর মিয়া (৫২)। তিনি ওসমানীনগর থানার করনশী গ্রামের মফিজ উল্লাহর ছেলে। বাকিদের পরিচয় জানা যায়নি।
ওসি জানান, একটি ‘অবৈধ’ পাথর কোয়ারি থেকে পাথর তুলছিলেন কয়েকজন শ্রমিক।
“বিকাল পৌনে ৫টার দিকে হঠাৎ ওই গর্তের মাটি ধসে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান চার জন।”
স্থানীয়দের সহযোগিতায় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসামানী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠিয়েছে।
সিলেটের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান খান বলেন, “জেলা প্রশাসনের জমি ইজারা নিয়ে অবৈধভাবে পাথর তুলছিল একটি চক্র। মাটির ১০-১৫ ফুট গভীরে গর্ত খুঁড়ে পাথর তোলায় হঠাৎ গর্তের পাড় ধসে পড়ে।”
গর্তের মালিক নয়াবস্তি এলাকার আব্দুস সাত্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
দীর্ঘ দিন ধরে সিলেটের বিভিন্ন স্থানে গর্ত করে ঝুঁকিপূর্ণ উপায়ে পাথর উত্তোলনের কারণে শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটছে। গত ১১ মাসে পাথর তুলতে গিয়ে অন্তত ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
