জিয়ার ছোটভাই কামালকে বগুড়ায় দাফন
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছোট ভাই আহমেদ কামালকে বগুড়ায় দাদার কবরের পাশে দাফন করা হয়েছে।
শনিবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মো. হেলালুজ্জামান তালুকদার লালু এ কথা জানান।
গত বৃহস্পতিবার বিকালে রাজধানীর বাসাবোয় ভাড়া বাসায় আহমেদ কামালের (৭০) মৃত্যু হয়। তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন।
জিয়াউর রহমানের পাঁচ ভাইয়ের মধ্যে আহমেদ কামাল ছিলেন সবার ছোট। অবিবাহিত ছিলেন তিনি।
২০০৬ সালে বাংলাদেশ পর্যটন করপোরেশনে জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে অবসরে যান কামাল।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ জিয়া পরিবারের সদস্যদের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না বলে ঘনিষ্ঠজনরা জানিয়েছেন।
শুক্রবার জুমার পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তার প্রথম জানাজার পর সড়কপথে অ্যাম্বুলেন্সে করে কামালের কফিন নেওয়া হয় গ্রামের বাড়ি বগুড়ার গাবতলীতে।
শনিবার সকাল সাড়ে ১০টায় গাবতলীর বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে কামালের গ্রামের বাড়ি মহিষাবানে বেলা ২টায় আরেকটি জানাজা অনষ্ঠিত হয়।
এরপর সেখানে দাদা কামাল হোসেন মণ্ডলের কবরের পাশে তাকে দাফন করা হয়।
