২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, আটক ৪

লক্ষ্মীপুরে সদর উপজেলায় একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যুর অভিযোগে তিন চিকিৎসকসহ চারজনকে আটক করেছে পুলিশ।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2017, 12:12 PM

Updated : 19 Aug 2022, 05:59 PM

শুক্রবার ভোরে ‘এস এম কে হাসপাতালে’ এ ঘটনা ঘটে বলে চন্দ্রগঞ্জ থানার ওসি মুক্তার হোসেন জানান। পরে ওই রোগীর স্বজনেরা থানায় লিখিত অভিযোগ করলে হাসপাতাল থেকে চারজনকে আটক করেন তারা।

এরা হলেন- চিকিৎসক কাজী ফয়েজা আক্তার, চিকিৎসক গোলাম মাইন উদ্দিন, চিকিৎসক আলমগীর।বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি। 

শুক্রবার ভোরে অস্ত্রোপচারের সময় ফাতেমা নামে ওই রোগীর মৃত্যু হয়। তার বাড়ি সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার হাজিপাড়া গ্রামে।

ফাতেমার ভাই ইসমাইল হোসেন বলেন, জরায়ুর টিউমার অপসরণের জন্য বৃহস্পতিবার বিকালে তার বোনকে চন্দ্রগঞ্জের এস এম কে হাসপাতালে ভর্তি করেন।

“এরপর রাতে তার বোনকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সেখানে চিকিৎসক কাজী ফয়েজা আক্তার তার বোনের অস্ত্রোপচার শুরু করেন ।

“কিছুক্ষণ পর কয়েকজন চিকিৎসক অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এসে আমার বোনকে ওই হাসপাতাল থেকে কুমিল্লায় নিয়ে যেতে বলেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ফাতেমার ‘মৃতদেহ’ আমাদের কাছে হস্তান্তর করে।”

ইসমাইল বলেন, “হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ভুল চিকিৎসার কারণে আমার বোনের মৃত্যু হয়েছে বলে স্বীকার করে। কিন্তু পরে তারা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে আমরা থানায় অভিযোগ করি।”

তবে এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালে গিয়ে কাউকে পাওয়া যায়নি।