২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাজোটে টানাপোড়েন নাই: নাসিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, তার দল নেতৃত্বাধীন মহাজোটে কোনো টানাপোড়েন সৃষ্টি হয় নাই।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2017, 06:48 PM

Updated : 12 Apr 2022, 12:42 AM

সম্প্রতি জোটের শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনুর এক মন্তব্যে মহাজোটে অস্থিতিশীলতা বিষয়ে সমালোচনার মধ্যে রোববার মাদারীপুরের শিবচরে এক অনুষ্ঠানে একথা বললেন তিনি।

নাসিম বলেন, দেশে যে উন্নয়নের ধারা সৃষ্টি হয়েছে, শেখ হাসিনার নেতৃত্বে ঐক্য হয়েছে। এ উন্নয়নের ধারাবাহিকতাকে বজায় রাখতে তার নেতৃত্বে মহাজোটের সরকার আবার দরকার।

“জাসদসহ মহাজোটের ঐক্য অটুট থাকবে। জোটে কোনো ধরনের টানাপোড়েন সৃষ্টি হয় নাই।”

শিবচরে বিভিন্ন চিকিৎসা কেন্দ্রের ভিত্তি প্রস্তর উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ নাসিম।বিশেষ অতিথি ছিলেন পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি নূর-ই- আলম চৌধুরী, জাসদের সমন্বয়ক সংসদ সদস্য শিরিন আক্তার।

হেলিকপ্টারে শিবচরের পৌঁছেন মন্ত্রী। পরে সেখানে সাবেক সাংসদ ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত করেন।

দত্তপাড়ায় ‘চৌধুরী ফাতেমা বেগম মা ও শিশু কল্যাণ কেন্দ্র’, সন্যাসীর চর এলাকায় ‘ ইলিয়াস আহমেদ চৌধুরী ট্রমা সেন্টার’ এবং শিবচর পৌরসভার বড়দোয়ালী এলাকায় ‘শেখ হাসিনা ইনস্টিটিউট অব-হেলথ টেকনোলজি’র ভিত্তি প্রস্তর উদ্ধোধন করেন তিনি।

বিকালে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক, দলীয় নেতৃবৃন্দ ও সুধীজন এবং বিভিন্ন কর্মকর্তা-কর্মাচারীদের নিয়ে এক মতবিনিময় সভায় যোগ দেন।

এ সময় তিনি শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেকে ১০০ শয্যার হাসপাতাল রূপান্তর করার ঘোষণা দেন।