২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না: মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ বলেছেন, বিএনপির অংশগ্রহণ ছাড়া দেশে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে না।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2017, 03:08 PM

Updated : 19 Aug 2022, 05:56 PM

ফরিদপুরে পল্লীকবি জসীম উদদীনের বাড়িতে শুক্রবার আমান মওদুদ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি এ কথা বলেন।

মওদুদ বলেন, “এবার বাংলাদেশে একদলীয়ভাবে নির্বাচন হবে না। বিএনপির অংশগ্রহণ ছাড়া দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু হবে না।”

অরাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন দাবি করে তিনি বলেন, “দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়েছিল বর্তমান প্রধানমন্ত্রীর আন্দোলনে। এখন তিনিই সেটা মানছেন না।”

ক্ষমতাসী আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসতে চায় বলে দাবি করেন মওদুদ আহমদ। ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ছাড়াই আওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে।

এসব প্রসঙ্গে মওদুদ বলেন, “অনির্বাচিত বিধায় এই সরকার আবারও ক্ষমতায় আসতে চাইছে। সরকার চাইছে ৫ জানুয়ারির মতো আর একটি নির্বাচন করতে। দেশে বিরোধী দল বলে কিছু থাকুক সেটা সরকার চাইছে না।”

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলার ২৫টি স্কুলের তৃতীয় থেকে অষ্টম শ্রেণির ৯০ জন ছাত্রছাত্রীকে সনদ ও টাকা দেওয়া হয়।

স্থানীয় আনসার উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুজাফর, আমান মওদুদ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসনা মওদুদ, কবি জসীম উদদীনের ছোট ছেলে খুরশিদ আনোয়ার অনুষ্ঠানে ছিলেন।